ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র কদিন আগে বড় ধাক্কা খেলো জার্মানি। অনুশীলনে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের উদীয়মান মিডফিল্ডার লেনার্ট কার্ল। ১৮ বছর বয়সি এ ফুটবলার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বকাপ মিস করার বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, শুক্রবার অনুশীলনের সময় চোট পান কার্ল। পরে স্ক্যানের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। যদিও তার চোটের ধরন সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো কার্লকে এবারের বিশ্বকাপের অন্যতম সম্ভাবনাময় তরুণ তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছিল। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও গড়েন তিনি।
আজ দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জার্মানি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জার্মান কোচ জুলিয়ান নাগালসম্যান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে লেনি অনুশীলনে চোট পেয়েছে। এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পরীক্ষার ফল পাওয়ার পর পরিস্থিতি মূল্যায়ন করা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে তাকে নিয়ে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া সম্ভব কি না, নাকি বিকল্প খেলোয়াড় নেওয়া হবে।’
তবে কোচের অপেক্ষার কথা থাকলেও কার্ল নিজেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘সবচেয়ে বড় টুর্নামেন্ট মিস করার কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে সবকিছুই করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত সময়ে ইনজুরি এসেছে। আমি দলের সাফল্য কামনা করছি এবং আরো শক্তিশালী হয়ে ফিরব।’
ফিফার নিয়ম অনুযায়ী, গুরুতর চোট বা অসুস্থতার ক্ষেত্রে প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনা যায়। আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

