এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ১০ জুন ম্যাচটি হবে ন্যাশনাল স্টেডিয়ামে। শনিবার (২৪ মে) দুপুর ১২টায় ম্যাচটির টিকিট অনলাইনে ছাড়ার কথা ছিল। যদিও সময় পিছিয়ে ম্যাচটির টিকিট ছাড়া হবে রাত ৮টায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বিষয়টি নিশ্চিত করেছেন।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি দিয়ে দেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে নামবেন হামজা চৌধুরী। একই সঙ্গে সে ম্যাচে অভিষেক হবে শমিত সোমের। মূলত এই দুই ফুটবলারের জন্য বাড়তি নজর থাকছে বাংলাদেশ-সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচটি।
দর্শকদের জন্য প্রথমবারের মতো অনলাইনে টিকিট ক্রয়ের সুযোগ করে দিয়েছে বাফুফে। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের জন্য ১০ ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে। হসপিটালিটি বক্সের টিকিটের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা। করপোরেট বক্স ৫ হাজার, ভিআইপি-রেড বক্স ৪ হাজার, ভিআইপি-২ ও ভিআইপি-৩ দুই হাজার ৫০০, স্কাই ভিউ ৩ হাজার, ক্লাব হাউস-১ দুই হাজার ৫০০, ক্লাব হাউস-২ দুই হাজার ও সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা। সাধারণ গ্যালারির জন্য ১৮ হাজার ৩০০ টিকিট অনলাইন ও ঢাকায় তিনটি বুথে পাওয়া যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

