শেষ ম্যাচেও হারল বাংলাদেশ

শেষ ম্যাচেও হারল বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় তথা শেষ প্রীতি ম্যাচেও পেরে উঠল না বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচের মতো এবারও ৩-১ গোলে হেরেছে আফঈদা খন্দকারের দল৷ এর মাধ্যমে খালি হাতেই আরব আমিরাত মিশন শেষ করল তারা।

২০২৪ উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর প্রধান কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে ১৮ ফুটবলার। সেই ১৮ জনকে ছাড়াই আরব আমিরাত সফরে যায় বাংলাদেশ। একে তো শক্তির বিচারের পিছিয়ে, তার ওপর তরুণ ফুটবলারের ছড়াছড়ি। সব মিলিয়ে ব্যর্থতা থেকে বের হয়ে এসে দ্বিতীয় ম্যাচেও আরব আমিরাতের সঙ্গে লড়াই করতে পারেনি সফরকারী দল।

বিজ্ঞাপন

এদিন রক্ষণে ৪ খেলোয়াড় রেখে একাদশ সাজান বাংলাদেশ কোচ বাটলার৷ তাতে প্রথম আধাঘণ্টা আটকে রাখা গেছে আরব আমিরাতকে। ৩১ মিনিটে অতিথিদের গোলমুখ খুলে মধ্যপ্রাচ্যের দেশটিকে এগিয়ে নেন আলাদোয়ান নউফ। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান ২-০ করেন মিয়া লিন্ডবার্গ।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মতো পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ। ৬১ মিনিটে শেষ গোল হজম করে তারা। এ যাত্রায় লক্ষ্যভেদ করেন জর্জিয়া গিবসন। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বাংলাদেশের হয়ে স্পটকিক থেকে সান্ত্বনাসূচক গোল করেন আফঈদা। প্রথম ম্যাচেও স্পট কিক থেকে গোল করেন অধিনায়ক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন