গত জানুয়ারিতে সান্তোসে ফেরেন নেইমার। এর মাধ্যমে দীর্ঘ এক যুগ পর শৈশবের ক্লাবটিতে প্রত্যাবর্তন হয় তার। ইনজুরি কাটিয়ে সাও পাওলোর ক্লাবটিতে ফিরে নিয়মিত মাঠে নামছেন। এজন্য কিছুদিন ধরে এমনিতেই আলোচনায় ছিলেন। এবার এক সাক্ষাৎকারে এসে ফের আলোচনার খোরাক জোগালেন নেইমার।
সম্প্রতি ‘পদপাহ’ নামক একটি পডকাস্টে হাজির হন নেইমার। সেখানে প্রায় বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া, মেসিকে পেনাল্টি শেখানোসহ আরো বেশকিছু বিষয় নিয়ে কথা বলেন সাবেক আল হিলাল তারকা। তবে সাক্ষাৎকারের বিষয়বস্তু নয়, নেইমার আলোচিত হয়েছেন মূলত দামি পোশাক ও সাজসজ্জার কারণে।
ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, ওই পডকাস্টে নেইমারের সাজসজ্জার মূল্য ছিল ১৩ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলে তারকা ফরোয়ার্ডের পরে আসা রিচার্ড মিলের ঘড়ি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা।
পডকাস্টে নেইমার যে প্যান্ট পরে হাজির হয়েছিলেন, তার মূল্য প্রায় ১৪ লাখ টাকা। তার পায়ে ছিল লুই ভিতোর স্নিকার্স। এর মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। সাদা রঙের যে টি-শার্ট পরে এসেছিলেন, তার মূল্য প্রায় দেড় লাখ টাকা। এছাড়া ৭৮ হাজার টাকা মূল্যের ক্যাপ পরেছিলেন নেইমার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

