লাস ভেগাসে বিশ্বকাপের ড্র

লাস ভেগাসে বিশ্বকাপের ড্র

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া এই আসরকে নিয়ে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইএসপিএন।

তাদের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর বসবে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান। ড্রয়ে থাকবে মোট ১২টি গ্রুপ, প্রতিটিতে থাকবে ৪টি করে দল। তবে ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি এই ড্র নিয়ে।

বিজ্ঞাপন

বিশ্বকাপের অনুশীলন ক্যাম্পের জন্য মেক্সিকোর পক্ষে কাজ করা পাচুকার নির্বাহী পেদ্রো চেদিলো লাস ভেগাসে ড্র অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘যদি আমি ভুল না করি, তাহলে ৫ ডিসেম্বর ড্র অনুষ্ঠিত হবে। অথবা ডিসেম্বরের শুরুর দিকে। আমি বুঝতে পারছি এটা লাস ভেগাসে হবে এবং সেখানে আমাদেরকে পাচুকা শহর, দ্য স্টেট অব হিডালগো এবং যে দুটি ভেন্যু আমাদের আছে তার সম্পর্কে তথ্য উপস্থাপন করতে হবে।’

এর আগে ১৯৯৪ সালে যখন যুক্তরাষ্ট্র বিশ্বকাপ আয়োজন করেছিল, সেবারও বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয় লাস ভেগাসে, সেখানকার কনভেনশন সেন্টারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন