আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক প্যানেল। যে দলে জায়গা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো ২ অভিজ্ঞ ক্রিকেটারের।
১৭ সদস্যের দলটির নেতৃত্বে আছেন যথারীতি সালমান আলী আগা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে পাকিস্তান অধিনায়ক বলেছিলেন- এশিয়া কাপের বিবেচনায় বাবর ও রিজওয়ানকে রেখেছে টিম ম্যানেজমেন্ট। যদিও শেষ পর্যন্ত এই দুই তারকা ব্যাটারকে ছাড়াই এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করল পিসিবি।
এশিয়া কাপের আগে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। এশিয়া কাপের দল নিয়েই সিরিজটি খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
৮ দল দুটি গ্রুপে ভাগ হয়ে এশিয়া কাপে অংশ নেবে। গ্রুপ ‘এ’তে আছে পাকিস্তান। গ্রুপে তাদের বাকি ৩ প্রতিপক্ষ ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
১২ আগস্ট ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে পাকিস্তান। ১৪ আগস্ট হাইভোল্টেজ ম্যাচে সালমানদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। ১৭ আগস্ট আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান।
ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য পাকিস্তানের স্কোয়াড: সালমান আলী আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, আবরার আহমেদ, সাইম আইয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মুকিম, শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, হারিস রউফ, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহিবজাদা ফারহান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

