যেখানে ভারতের সঙ্গী পাকিস্তান

যেখানে ভারতের সঙ্গী পাকিস্তান

একদিনের ক্রিকেটে ৩৫০ বা তার অধিক রানের টার্গেট ছোঁয়া যেন এতদিন অসম্ভব ছিল পাকিস্তানের জন্য। ১৫ বার চেষ্টা করেও এত বিশাল রানের লক্ষ্য স্পর্শ করার চেষ্টা করেও পারেনি তারা। এবার ১৬তম ম্যাচে এসে সেই অপূর্ণ ঘুচিয়ে ফেলল মোহাম্মদ রিজওয়ানরা।

বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ৩৫৩ রানের টার্গেট ৪ উইকেটের বিনিময়ে ৬ বল হাতে রেখেই টপকে যায় পাকিস্তান (৩৫৫)। ৩৫২ রানের পুঁজি গড়ে এই প্রথম হার মানল দক্ষিণ আফ্রিকা। এক দিনের ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে পঞ্চম দল হিসেবে ৩৫০ ঊর্ধ্ব রানের লক্ষ্য ছুঁয়ে জিতল পাকিস্তান। তাদের আগে ৩৫০ ছোঁয়া স্কোর টপকে জয় ছিনিয়ে নিয়েছে ভারত (৩ ম্যাচ), ইংল্যান্ড (৩ ম্যাচ), দক্ষিণ আফ্রিকা (২ ম্যাচ) ও অস্ট্রেলিয়া (১ ম্যাচ)।

বিজ্ঞাপন

৫০ ওভারের ক্রিকেটে ৩৫০ ঊর্ধ্ব লক্ষ্য পেরিয়ে প্রথম কোনো দল জয়ের বন্দরে নোঙর করে ২০০৬ সালের ১২ মার্চ। জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার দাঁড় করানো ৪৩৪ রানের হিমালয়সম স্কোর ১ বল ও ১ উইকেট হাতে রেখে টপকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে এটা এখনো রান তাড়া করে ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড। পরে অন্য কোনো টিম ৪০০ পেরিয়ে জয়ের দেখা পায়নি।

একদিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তিও দক্ষিণ আফ্রিকার দখলে। ২০১৬ সালে ডারবানে অস্ট্রেলিয়ার ৩৭২ রানের টার্গেট নিয়েও বিজয়ীর বেশে মাঠ ছাড়ে প্রোটিয়ারা। ৩৫০ পেরোনো স্কোর ওই দুবারই টপকে গেছে দক্ষিণ আফ্রিকা। তবে তিনবার করে ৩৫০ পেরিয়ে জয়ের রেকর্ডটা ইংল্যান্ড ও ভারতের।

ভারত ২০১৩ সালের অক্টোবরে দুবার ৩৫০ পেরিয়ে জেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। জয়পুরে ৩৬০ ও নাগপুরে লক্ষ্য ছিল ৩৫১। পরে ২০১৭ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের দেওয়া ৩৫১ রানের লক্ষ্য স্পর্শ করে ভারত। ইংল্যান্ড প্রথম ৩৫০ রান টপকে জয়ের হাসি হাসে ২০১৫ সালে। ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫০, ২০১৯ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬১ ও ব্রিস্টলে পাকিস্তানের বিপক্ষে ৩৫৯ রানের লক্ষ্য ছুঁয়ে জেতে ইংলিশরা। অস্ট্রেলিয়া ৩৫০ রানের লক্ষ্যে নেমে জয় পেয়েছে একবার। ২০১৯ সালে মোহালিতে ভারতের ছুড়ে দেওয়া ৩৫৯ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন