অস্ট্রেলিয়াগামী ‘এ’ দলের সঙ্গী প্রস্তুতির ঘাটতি

অস্ট্রেলিয়াগামী ‘এ’ দলের সঙ্গী প্রস্তুতির ঘাটতি

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির আমন্ত্রণমূলক টুর্নামেন্ট টপ এন্ড টি-টোয়েন্টি খেলতে আগামী সপ্তাহে উড়াল দেবে বাংলাদেশ ‘এ’ দল। বিগব্যাশের দলগুলোর পাশাপাশি পাকিস্তান ‘এ’ দল ও নেপাল জাতীয় দল অংশ নেবে এই টুর্নামেন্টে। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ‘এ’ দল এই সফরের আগে চট্টগ্রামে নিজেদের প্রস্তুতি নিচ্ছে। প্রায় দুই সপ্তাহের অনুশীলন শেষে এইচপি দলের বিপক্ষে তিন ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলছে ‘এ’ দল। এরই অংশ হিসেবে আজ প্রথম ম্যাচ খেলেছেন নুরুল হাসান সোহান-আকবর আলীরা। আজ প্রস্তুতি ম্যাচের উইকেট দেখে খানিকটা হতাশ টিম ম্যানেজমেন্ট। তবে বৃষ্টির বাস্তবতা মেনে সেই প্রস্তুতির ঘাটতি নিয়েই অস্ট্রেলিয়ায় যাবে ‘এ’ দল।

বিজ্ঞাপন

আজ ‘এ’ দল ও এইচপি দলের প্রস্তুতি ম্যাচ চলাকালে চট্টগ্রামের উইকেট নিয়ে আমার দেশ-এর কাছে হতাশা প্রকাশ করেন টিম ম্যানেজমেন্টের এক সদস্য। তিনি জানান, এমন উইকেটে প্রস্তুতি ম্যাচ হবে এমনটা আশা করেননি। দিন কয়েকের টানা বৃষ্টিতে উইকেট ঢাকা থাকায় ধীরগতির উইকেটে প্রস্তুতি ম্যাচ খেলতে হচ্ছে বলে জানান। এই বৃষ্টি বাধার কারণে চট্টগ্রামে অনুশীলন ক্যাম্পের সময়টা পুরোপুরি কাজে লাগাতে পারেননি ‘এ’ দলের ক্রিকেটাররা। ঢাকা কিংবা সিলেটে বৃষ্টির সময়ে ইনডোরে অনুশীলনের সুযোগ রয়েছে ক্রিকেটারদের জন্য। তবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ইনডোর থাকলেও ক্রিকেটারদের সেখানে অনুশীলনের সুযোগ হয়নি। মূলত ইনডোর এখনো পুরোপুরি প্রস্তুত না থাকায় সেখানে অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। বৃষ্টির সময় ড্রেসিংরুমে অলস সময় কাটাতে হয়েছে।

ফলে অস্ট্রেলিয়ায় এই বড় সফরের আগে অনুশীলনের ঘাটতিকে সঙ্গী করেই অস্ট্রেলিয়ায় উড়াল দিতে হচ্ছে ‘এ’ দলের ক্রিকেটারদের। তবে ঢাকায় লাল বলের স্কোয়াডের সম্ভাব্য সদস্যরা পেতে পারেন পর্যাপ্ত সুযোগ। কারণ, টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষে নর্দার্ন টেরিটরির বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ফলে লাল বলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা একটু দেরিতে রওয়ানা হবেন অস্ট্রেলিয়ার উদ্দেশে। তাদের জন্য তাই বাড়তি সময় থাকছে অনুশীলনে নিজেদের ঝালাই করে নেওয়ার জন্য।

অস্ট্রেলিয়ায় ‘এ’ দলের এই সফরে দেখা যেতে বেশ কয়েকজন নতুন মুখ। তরুণ জিসান আলম, মুশফিক হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আকবর আলী ও তোফায়েল আহমেদদের মতো ক্রিকেটারদের দেখা যাবে ‘এ’ দলের স্কোয়াডে। এছাড়া লাল বলের স্কোয়াডে মাহমুদু হাসান জয়-শাহাদাত হোসেন দিপুর পাশাপাশি অমিত হাসান, মোহাম্মদ এনামুলের মতো ক্রিকেটারদের দেখার সম্ভাবনা রয়েছে এবারের অস্ট্রেলিয়া সফরে। এছাড়া হাসান মাহমুদ-নাঈম হাসানদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের প্রস্তুত রাখতেও পাঠানোর পরিকল্পনা রয়েছে বিসিবির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন