বুধবার মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলন কক্ষে ঠিক বেলা দেড়টার দিকে মিডিয়া ম্যানেজারের সঙ্গে এলেন নাজমুল হোসেন শান্ত। প্রশ্নোত্তরপর্ব শুরু হওয়ার আগেই চওড়া এক হাসিতে নিজেকে হালকা করে নেন বাংলাদেশ অধিনায়ক। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মতো মেগা টুর্নামেন্টে প্রথমবার খেলতে যাচ্ছেন। শুধু তাই নয়, তার কাঁধে দলের নেতৃত্বের ভারও। সম্প্রতি ব্যাটিংয়ে সময়টা তার ভালো যাচ্ছে না। গত বিপিএলে অধিকাংশ সময় একাদশের বাইরে ছিলেন।
তবে নিয়মিত ম্যাচ না খেলায় নিজের জন্য ভালো হয়েছে বলে মনে করেন শান্ত। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, বিশ্বাস করছি ভালো অবস্থানে যাওয়া সম্ভব। ম্যাচ খেলতে পারিনি, এখানেও ইতিবাচক দিক ছিল। নিয়মিত অনুশীলন করেছি। ফিটনেস নিয়েও কাজ করেছি। বিপিএলের সময়টা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। সব ঠিকঠাক থাকলে আশা করছি টুর্নামেন্ট ভালো যাবে।’
গত বছরের নভেম্বরে শারজাহর মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন শান্ত। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় নিজেকে মানিয়ে নেওয়া কতটা চ্যালেঞ্জের হতে পারে? শান্ত বলেন, ‘গত ওয়ানডে ম্যাচে ভালো ইনিংস খেলেছিলাম আফগানিস্তানের সঙ্গে। গত বছর রান মোটামুটি করেছি, তবে স্ট্রাইক রেট ওরকম আপ টু দ্য মার্ক ছিল না। রান মোটামুটি ভালো করেছি। আমি বিশ্বাস করি, আমি এর চেয়েও ভালো ব্যাটার। ওয়ানডে ফরম্যাট ভালো যাচ্ছে। অনেক দিন পর ম্যাচ খেলব। এখানে ম্যাচ সিনারিও প্র্যাকটিস হচ্ছে, আজও (গতকাল) হবে। সামনে প্র্যাকটিস ম্যাচও আছে। এই ফরম্যাটে ছোটবেলা থেকে খেলি। অ্যাডজাস্টমেন্টে সমস্যা হয় না।’
বিপিএলের ফাঁকে সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন শান্ত। অনুশীলন ক্যাম্পে নিজেকে ঝালিয়ে নেন। দুবাইয়ে গিয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দল। সব মিলিয়ে নিজেকে চ্যাম্পিয়নস ট্রফির জন্য খুবই আত্মবিশ্বাসী মনে করছেন শান্ত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

