হাঙ্গেরিতে উয়েফা কনফারেন্স লিগ বাছাইপর্বের ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তে নেমেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ঘটনা ঘটে ইসরায়েলি ক্লাব ম্যাক্কাবি হাইফা ও পোল্যান্ডের ক্লাব রাকুভ চেস্তেহোভার মধ্যকার ম্যাচে।
ইসরাইলি ক্লাবটির সমর্থকরা পোল্যান্ডের প্রতি ‘মার্ডারারস সিন্স ১৯৩৯’ বার্তা লেখা আক্রমণাত্মক ব্যানার প্রদর্শন করেন। ব্যাপারটি হজম হয়নি পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নভরোস্কির। এরপরই তদন্তে নামে উয়েফা।
এই ঘটনায়এক্স হ্যান্ডলে এ ব্যানার প্রদর্শনের সমালোচনা করে পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল লেখেন, ‘ম্যাক্কাবি হাইফার সমর্থকেরা যে কলঙ্কজনক ব্যানার প্রদর্শন করেছেন, তা পোলিশ নাগরিকদের স্মৃতির প্রতি অপমানজনক—দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিকার হয়েছেন যাঁরা, এর মধ্যে ৩০ লাখ ইহুদিও আছেন। কোনো শব্দেই এই মূর্খতাকে বোঝানো সম্ভব নয়।’
দুই ক্লাবের বিরুদ্ধেই অভিযোগ গঠনের কারণ হিসেবে উয়েফা বলেছে, ‘খেলাধুলার ইভেন্টের সঙ্গে বেমানান বার্তা দেওয়া।’ উয়েফার শৃঙ্খলা প্যানেল অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকার্য পরিচালনা করবে। শাস্তি কী হতে পারে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

