ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ আধুনিক ক্রিকেটে মারকাটারি রূপ দেখালেন জর্ডান কক্স। ২৯ বলের ইনিংসে ১০ ছুক্কা হাঁকিয়ে নতুন রেকর্ডের ভাগিদার হয়েছেন এই ইংলিশ ক্রিকেটার। দ্য হান্ড্রেডের এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় নাম লিখিয়েছেন কক্স। ওভাল ইনভিনসিবলস ও ওয়েলস ফায়ারের মধ্যকার ম্যাচে এই রেকর্ড গড়েন কক্স।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ওভাল। কক্সের শুরুটা ছিল ধীরগতির। প্রথম বল ডট, দ্বিতীয় বলও ডট। প্রথম রানের দেখা পেলেন তৃতীয় বলে। প্রথম ৮ বলে তার রান ছিল মাত্র ৮। এরপরই ঝড়ের শুরু । পরের ২১ বলের ১০টিতেই মারলেন ছক্কা, দুটি চারও। সব মিলিয়ে ২৯ বলের ইনিংসে ১০ ছয় আর তিন চারে ৮৬ রান করে অপরাজিত। স্ট্রাইক রেট ২৯৬.৫৫!
কক্সের ঝোড়ো ব্যাটিংয়ে দ্য হান্ড্রেডে নতুন রেকর্ড গড়েছে ইনভিনসিবলস। ১০০ বলের এই খেলায় ইনভিনসিবলস তুলেছে ৪ উইকেটে ২২৬ রান, যা হান্ড্রেড ক্রিকেটে দলগত সর্বোচ্চ রান। পেছনে পড়ে গেছে ২০২২ সালে নর্দান সুপারচার্জারসের বিপক্ষে ম্যানচেস্টার অরিজিনালসের করা ৫ উইকেটে ২০৮ রান।
সেই সঙ্গে রেকর্ডের ভাগিদার হয়েছেন কক্সও। ইংলিশ ব্যাটার ১০ ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলিয়ার লিয়াম লিভিংস্টোনের পাশে বসেছেন। ২০২১ সালে হেডিংলিতে সুপারচার্জারসের বিপক্ষে বার্মিংহাম ফনিক্সের হয়ে খেলা লিভিংস্টোনের ৪০ বলে ৯২ রানের ইনিংসেও ছিল ১০ ছক্কা। হান্ড্রেড ক্রিকেট টি–টোয়েন্টি ক্রিকেট হিসেবে স্বীকৃত। সেদিক থেকে সবচেয়ে কম বলে অন্তত ১০ ছক্কা মারার দিক থেকে কক্স যৌথভাবে শীর্ষ রেকর্ডধারী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

