‘মুশফিকের নিবেদন-ত্যাগ দৃষ্টান্ত হয়ে থাকবে’

‘মুশফিকের নিবেদন-ত্যাগ দৃষ্টান্ত হয়ে থাকবে’

আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর রহিমের বিদায়ের ঘণ্টা বেজে গেছে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবালের মতে, ক্রিকেটের মাঠে মুশফিকের অর্জনের পাশাপাশি তাঁর পরিশ্রম, নিবেদন ও ত্যাগও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুশফিকের অবসরের সিদ্ধান্ত নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন নাফিস। তাঁর কাছে খবরটি ছিল কিছুটা অপ্রত্যাশিত। বলেছেন, ‘খবরটি আমি সংবাদমাধ্যমে দেখেছি। এ নিয়ে ওর সঙ্গে আলাদাভাবে কথা হয়নি। বোর্ড সভাপতি ঘোষণা দিয়েছেন, আপাতত এটুকুই জানি। আসলে মুশফিক সব সময়ই আমার সকালের নাশতার সঙ্গী ছিল। একটা সময় আমি, তাইজুল, মুমিনুল ও মুশফিক একসঙ্গে নাশতা করতাম। ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের সময়ও আমাদের সেই অভ্যাস বজায় ছিল। হাসি-ঠাট্টা কিংবা মাঠের বাইরের সময়গুলো স্বাভাবিকভাবেই কাটত।’

দীর্ঘদিনের সহযাত্রীর বিদায়ের খবর নাফিসকে আবেগপ্রবণ করেছে। তাঁর চোখে মুশফিক বাংলাদেশের ক্রিকেটের একজন কিংবদন্তি। নাফিসের ভাষায়, ‘অবশ্যই খবরটি আমার কাছে বিস্ময়কর ছিল। সে এই খেলার একজন কিংবদন্তি ক্রিকেটার। আমরা আবেগপ্রবণ জাতি, যেকোনো বিদায়ই আমাদের আবেগী করে তোলে। বাংলাদেশের ক্রিকেটে তার নিবেদন ও ত্যাগ উদাহরণ হয়ে থাকবে।’ অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে মুশফিক তাঁর সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করেননি বলেও জানিয়েছেন নাফিস।

মুশফিকের ক্রিকেটীয় সাফল্যের পেছনে দীর্ঘদিনের প্রস্তুতি ও কঠোর পরিশ্রমের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেছেন তিনি। নাফিসের মতে, শুরু থেকেই মুশফিকের অনুশীলন, নিবেদন ও ত্যাগ ছিল প্রশংসনীয়। সময়ের সঙ্গে সেসব গুণ আরও পরিণত হয়েছে। ফিটনেস থেকে শুরু করে প্রস্তুতির প্রতিটি ক্ষেত্রেই ক্যারিয়ারের শেষ পর্যায় পর্যন্ত নিজের মান ধরে রেখেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। নাফিস বলেন, ‘সে প্রস্তুতি ও নিবেদনের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে দৃষ্টান্ত তৈরি করেছে। এসব অবদান সব সময়ই মনে থাকবে।’

মুশফিকের সঙ্গে নাফিসের পরিচয় ও সম্পর্কের শুরু বয়সভিত্তিক ক্রিকেটে। একসঙ্গে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন তাঁরা। যদিও বয়সে মুশফিকের চেয়ে কিছুটা বড় ছিলেন নাফিস। পরে জাতীয় দলেও একসঙ্গে খেলেছেন দুজন। নাফিস জাতীয় দলের খেলোয়াড়ি অধ্যায় থেকে সরে যাওয়ার পরও ঘরোয়া ক্রিকেটে মাঝেমধ্যে দেখা হয়েছে তাঁদের। পরবর্তী সময়ে টিম ম্যানেজার হিসেবে ফেরার পর আবারও কাছ থেকে দেখার সুযোগ হয়েছে মুশফিককে।

সেই দীর্ঘ পথচলার স্মৃতি মনে করে নাফিস জানিয়েছেন, লর্ডসে মুশফিকের অভিষেকের সময়ও তাঁরা একসঙ্গে ছিলেন। তাই মুশফিকের বিদায় তাঁর কাছে কেবল একজন সতীর্থের অবসর নয়, বরং দীর্ঘদিনের পরিচিত একজন মানুষের ক্রিকেটীয় অধ্যায়ের সমাপ্তির অনুভূতিও। তাঁর সঙ্গে রয়েছে অনেক ভালো স্মৃতি।

মুশফিকের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নাফিসের উপলব্ধি, একজন ক্রিকেটার যখন মনে করেন বিদায়ের জন্য এটাই উপযুক্ত সময়, তখন সেই সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত। তবে মাঠের ক্রিকেট শেষ হলেও মুশফিকের প্রস্তুতি, পেশাদারত্ব ও নিবেদনের গল্প বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন প্রাসঙ্গিক থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন