আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৩০ বছরের অপেক্ষার অবসান, নরওয়ের ক্লাবের দারুণ চমক

স্পোর্টস ডেস্ক

৩০ বছরের অপেক্ষার অবসান, নরওয়ের ক্লাবের দারুণ চমক

ইউরোপিয়ান ফুটবলে আবারও আলোড়ন তুলেছে নরওয়ের ক্লাব বোদো/গ্লিম্ট। উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে অফের প্রথম লেগে ইতালির শীর্ষ ক্লাব ইন্টার মিলানকে ৩–১ গোলে হারিয়ে দিয়েছে তারা। ম্যাচে ১ গোল ও ২টি অ্যাসিস্ট করে জয়ের মূল নায়ক ড্যানিশ ফরোয়ার্ড কাসপার হঘ।

এই জয়ের মাধ্যমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইতালিয়ান ক্লাবের বিপক্ষে জয় পাওয়া নরওয়ের দ্বিতীয় দল হলো বোদো/গ্লিম্ট। এর আগে ১৯৯৬ সালে রোজেনবর্গ হারিয়েছিল এসি মিলানকে।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকেরা। ম্যাচের ২০ মিনিটে হঘের চমৎকার ব্যাকহিল পাস থেকে সন্ড্রে ব্রুনস্টাড ফেত গোল করে দলকে এগিয়ে দেন। তবে ১০ মিনিট পরই সমতায় ফেরে ইন্টার। কার্লোস অগুস্তোর পাস থেকে তরুণ পিও এসপোসিতো গোল করে ম্যাচে ভারসাম্য আনেন এবং নকআউট পর্বে ইন্টারের হয়ে সর্বকনিষ্ঠ ইতালিয়ান গোলদাতার রেকর্ড গড়েন।

বিরতির পর কিছু সময় ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইন্টার। লাউতারো মার্তিনেসের শট পোস্টে লাগে এবং গোলরক্ষক নিকিতা হাইকিনকে একাধিকবার পরীক্ষা নিতে হয়। কিন্তু ম্যাচের শেষভাগে আবারও দাপট দেখায় বোদো/গ্লিম্ট।

৬১ মিনিটে রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে জেন্স পিটার হাউগে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর তিন মিনিটের ব্যবধানে ওলে দিদরিক ব্লমবার্গের ক্রস থেকে হঘ নিজেই গোল করে ব্যবধান ৩–১ করেন।

চলতি আসরে বোদো/গ্লিম্টের দুর্দান্ত যাত্রা অব্যাহত রয়েছে। গ্রুপ পর্বে তারা হারিয়েছে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি এবং স্পেনের আতলেতিকো মাদ্রিদকে, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

তবে কোচ জেতিল নাতসেন ম্যাচের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন। তার মতে, দল নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি, যদিও অসাধারণ গোলগুলোই পার্থক্য গড়ে দিয়েছে।

ইন্টারের জন্য আশা এখনও শেষ হয়নি। ফিরতি লেগ তাদের মাঠেই অনুষ্ঠিত হবে, যেখানে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে ইতালিয়ান দলটি।

দিনের অন্য ম্যাচে জার্মান ক্লাব লেভারকুজেন গ্রিসের অলিম্পিয়াকোসকে ২–০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন