টানা তৃতীয়বার সেরা তরুণ ফুটবলার ইয়ামাল

টানা তৃতীয়বার সেরা তরুণ ফুটবলার ইয়ামাল

ব্যালন ডি’অর জেতার কথা ছিলো তারই। তবে সেটা না হলেও তৃতীয়বারের মতো বিশ্বের সেরা তরুণ ফুটবলারের স্বীকৃতি পেলেন লামিনে ইয়ামাল। ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষদের তরুণ প্রতিভার পুরস্কার জিতেছেন বার্সেলোনা ও স্পেনের এই ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে টানা তিনবার এই পুরস্কারটি জেতার অনন্য কীর্তি গড়লেন ১৯ বছর বয়সী এই তারকা।

বিজ্ঞাপন

সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হয় এবারের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই ইয়ামালের হাতে পুরস্কার তুলে দেন ইউক্রেনের কিংবদন্তি ফুটবলার আন্দ্রি শেভচেঙ্কো। ২০২৪ ও ২০২৫ সালের পর এবারও সেরা তরুণের পুরস্কার জিতে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন বার্সেলোনার তারকা ফুটবলার।

২০২৫–২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে তাঁর গোল ২৪টি, সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৮ গোল। তাঁর নৈপুণ্যে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। স্প্যানিশ লিগে ১৬ গোলের পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করে প্রতিযোগিতাটির সর্বোচ্চ অ্যাসিস্টদাতাও হয়েছেন তিনি।

পুরস্কার গ্রহণের পর ইয়ামাল কৃতজ্ঞতা জানিয়েছেন বার্সেলোনা, স্পেন জাতীয় দল ও তাঁকে সমর্থন করা সবাইকে। তবে ব্যক্তিগত এই স্বীকৃতির মুহূর্তেও সতীর্থ পাউ কুবারসির কথা ভুলে যাননি তিনি। ইয়ামালের মতে, কুবারসিও পুরস্কারটি পাওয়ার যোগ্য ছিলেন। দীর্ঘদিন ধরে দুর্দান্ত ফুটবল খেলে আসা এই ডিফেন্ডারের প্রশংসাও করেন স্প্যানিশ ফরোয়ার্ড।

২০১৮ সালে চালু হওয়া এই পুরস্কারের নাম আগে ছিল কোপা ট্রফি। অনূর্ধ্ব-২১ পর্যায়ের সেরা পুরুষ ফুটবলারকে দেওয়া হয় এ স্বীকৃতি। ইয়ামালের আগে বার্সেলোনার হয়ে পেদ্রি ২০২১ সালে এবং গাভি ২০২২ সালে পুরস্কারটি জিতেছিলেন। ইয়ামালের টানা তিন জয়ে এই পুরস্কারে বার্সেলোনার আধিপত্য আরও দৃঢ় হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন