তিলকের বীরত্বে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
তিলকের হার না মানা বীরত্বে চ্যাম্পিয়ন ভারত

তিলক ভার্মা যখন ব্যাটিংয়ে নামেন ১০ রানে নেই ভারতের দুই উইকেট। তখন সবে ১৫ বল ইনিংসের। সেখান থেকেই শুরু তার লড়াই। একে একে শুভমান গিল, সাঞ্জু স্যামসন ও শিবম দুবেকে নিয়ে লড়ে গেলেন আরও ১০৩ বল। নিজে খেললেন ৫৩ বল, ৩ চার ও ৪ ছক্কায় করলেন ৬৯ রান। তার বীরত্বে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হলো ভারত।
শেষ ওভারে দরকার ছিল ১০ রান। হারিস রউফেরর ৪ বলেই ১৩ রান নিয়ে ম্যাচ শেষ করেন তিলক রিংকু সিং। এর মধ্যে দিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতেরই থাকল। দলটি এ নিয়ে নবমবারের মতো মহাদেশের চ্যাম্পিয়ন হলো। সাতবার ওয়ানডে সংস্করণে, দুবার টি–টোয়েন্টি সংস্করণে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহানের ৫৭ রানের ইনিংসের পরও ব্যাটিং বিপর্যযে ১৯.১ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাব দিতে নেমে ভারতও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে তিলক ও দুবের বীরত্বে ২ বল হাতে রেখেই জয় তুলে নেয়।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৯.১ ওভারে ১৪৬ (ফারহান ৫৭, ফখর ৪৬, সাইম ১৪; কুলদীপ ৪/৩০, অক্ষর ২/২৬, বুমরাহ ২/২৫)
ভারত: ১৯.৪ ওভারে ১৫০/৫ (তিলক ৬৯*, দুবে ৩৩, স্যামসন ২৪; ফাহিম ৩/২৯, শাহিন ১/২০, আবরার ১/২৯)
ফল: ভারত ৫ উইকেটে জয়ী
দুবে আউট, ম্যাচ জমে ক্ষীর

শিবম দুবে আগ্রাসী মনোভাবে খেলছিলেন। ১৮তম ওভারের শেষ বলে হারিস রউফকে ছক্কা হাঁকিয়ে ম্যাচ ক্লোজ করে এনেছিলেন। তবে পরের ওভারেই ফাহিমের শর্ট বলে বাউন্ডারি লাইনে শাহিনের হাতে ক্যাচ দেন ৩৩ রান করা দুবে। তাতে জমে ওঠে ম্যাচ।
ভারত : ১৯ ওভারে ১৩৭/৫
তিলকের ফিফটি, জমে উঠেছে লড়াই

তীব্র চাপের মধ্যে নেমেছিলেন। স্যামসনকে নিয়ে দায়িত্বশীল ব্যাটিংয়ের পর আগাচ্ছেন দুবেকে নিয়ে। এর মধ্যেই ফিফটি করলেন তিলক ভার্মা। তাতে জমে উঠেছে লড়াই। চাপে পড়েছে পাকিস্তানও। আবরার আহমেদ নিজের শেষ ওভারে দিলেন ১১ রান। জিততে হলে ১৮ বলে ভারতের চাই ৩০ রান।
ভারত : ১৭ ওভারে ১১৭/৪
ভারতের ১০০, জমে উঠেছে লড়াই

শিবম দুবে ক্রিজে এসেই ব্যাট চালানো শুরু করলেন। তার সঙ্গে তো তিলক ছিলেনই। ১৫তম ওভারের শেষ বলে রউফকে বিশাল ছক্কা হাঁকিয়ে ভারতের রান ১০০ স্পর্শ করান তিলক। তাতে সমীকরণ দাঁড়িয়েছে শেষ ৫ ওভারে অর্থাৎ ৩০ বলে ভারতের জিততে চাই ৪৭ রান।
ভারত : ১৫ ওভারে ১০০/৪
ভাঙল তিলক-স্যামসনের জুটি
তিলক ভার্মা ও সাঞ্জু স্যামসনের জুটিতে জয়ের স্বপ্ন দেখছিল ভারত। তবে সেটা হতে দিলেন না আবরার আহমেদ। ২৪ রান করা স্যামসনকে সাহিবজাদা ফারহানের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তিনি। সেই সঙ্গে ভারতের জয়ের আশায় আরেকটা ধাক্কা লাগল। ক্রিজে নতুন ব্যাটার শিবন দুবে।
ভারত : ১৪ ওভারে ৮৩/৪
বিপর্যয় কাটিয়ে জুটির চেষ্টায় তিলক–স্যামসন

ভারতীয় স্পিনারদের ঘূর্ণি দেখে ভারতের ইনিংসে দুই প্রান্ত থেকেই বোলিং করছেন পাকিস্তানের স্পিনাররা। লক্ষ্য একটাই, তিলক ভার্মা ও সাঞ্জু স্যামসনকে আউট করা। এরই মধ্যে দারুণ এক জুটি গড়ে ফেলছেন দুজন। তাদের ব্যাটে শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টায় ভারত।
ভারত : ১২ ওভারে ৭৬/৩
বেঁচে গেলেন স্যামসন

বড় সুযোগ হাতছাড়া করলেন হুসেইন তালাত। আবরার আহমেদের বলটা তুলে মারতে গিয়ে ঠিকঠাক টাইমিং করতে পারেননি স্যামসন; ক্যাচ তুলেছিলেন। কিন্তু ডিপ মিড উইকেট থেকে ছুটে এসে বল মুঠোবন্দী করতে চেয়েও ফেলে দিলেন তালাত।
ভারত : ৯ ওভারে ৫৪/৩
ভারতের ফিফটি
পাওয়ার প্লেতে ব্যাটিং বিপর্যয় সামলে নিয়েছে ভারত। টপ অর্ডারের তিন ব্যাটারের বিদায়ের পর দলকে ফিফটি পা করিয়েছেন সাঞ্জু স্যামসন ও তিলক ভার্মা। এ দুজনের ব্যাটি জয়ের আশা দেখছে ভারত। আবরার আহমেদের বলে সিঙ্গেল নিয়ে দলকে পঞ্চাশ পার করান স্যামসন। ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৫৮/৩। জিততে ৬০ বলে চাই ৮৯ রানৃ
ভারত : ১০ ওভারে ৫৮/৩
পাওয়ার প্লেতে ভারত ৩৬/৩

পাওয়ার প্লেতে পাকিস্তান যতটা সাবলীল ছিলো, ঠিক ততোটাই উল্টো পথে হাঁটল ভারত। বিনা উইকেটে পাওয়ার প্লে পার করা পাকিস্তানের পেসাররা ভারতকে চেপে ধরেছে। তাডে ৬ ওভার শেষে তাদের রান ৩ উইকেটে ৩৬। শেষ ওভারে তিলক ভার্মার আক্রমণে খানিকটা স্বাস্থ্যবান সংগ্রহ পায় ভারত।
৩ উইকেটের তিনটিই ভাগ করে নিয়েছেন দুই পেসার শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফ।
ভারত : ৭ ওভারে ৪২/৩
পাওয়ার প্লেতে ৩ উইকেট নেই ভারতের

পাকিস্তানের ব্যাটিং লাইন ধসিয়ে দিয়েছিলেন ভারতের স্পিনাররা। এবার ভারতের ব্যাটিং লাইন ধসিয়ে দিচ্ছেন পাকিস্তানের পেসাররা। তাতে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে চাপে ভারত। একে একে বিদায় নিয়েছেন অভিষেক, সূর্যকুমার ও সবশেষ শুভমান গিল (১২)।
ভারতের ৩ উইকেটের সবকটি নিয়েছেন ফাহিম আশরাফ ও শাহিন শাহ আফ্রিদি মিলে।
ভারত : ৫ ওভারে ২৫/৩
আউট সূর্যকুমার, চাপে ভারত

ভারতীয় ইনিংসে তোপ দাগছে পাকিস্তান। অভিষেক শর্মা আউট হওয়ার পর এবার ফিরে গেলেন অধিনায়ক সূর্যকুমার যাদবও। আর তাতেই বড় ধাক্কা খেয়েছে ভারত।
আফ্রিদির স্লোয়ার বলে ড্রাইভ করতে চেয়েছিলেন সূর্য। কিন্তু টাইমিংয়ে গড়বড় করতে ফেললেন। মিড অফ থেকে এগিয়ে এসে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ নিলেন পাকিস্তান অধিনায়ক সালমান।
ভারত : ৩ ওভারে ১২/২
অভিষেককে ফেরালেন ফাহিম

শুরু থেকেই তেড়েফুঁড়ে ব্যাটিং করা তার অভ্যাস। ফাইনালেও নিজেকে চেনাতে মুখোমুখি হওয়ার দ্বিতীয় বলেই শাহিন আফ্রিদিকে চার মারলেন অভিষেক শর্মা। তবে টিকলেন এই ভারতীয় হার্ডহিটার। পরের ওভারের প্রথম বলেই ৫ রান করা অভিষেককে হারিস রউফের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন ফাহিম আশরাফ।
ভারত : ২ ওভারে ১০/১
১৪৬ রানেই শেষ পাকিস্তানের ইনিংস
৩৩ রানে ৯ উইকেটের পতন। ১ উইকেটে শতরানের ঘর পার হওয়া দলটাই গুটিয়ে গেল ১৪৬ রানে! হাতে তখনো বল ছিল ৫টি। আনপ্রেডিক্টেবল তকমা তো এমনিই সেটে যায়নি পাকিস্তানের নামের পাশে। এশিয়া কাপের শিরোপা জিততে ভারতের প্রয়োজন ১৪৭ রান।
পাকিস্তানকে মূলত ধসিয়ে দিয়েছেন ভারতের স্পিনাররা। ১০ উইকেটের ৮টিই নিয়েছেন ভারতের স্পিনাররা। সর্বোচ্চ ৪টি নিয়েছেন কুলদীপ যাদব, দুটি করে বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। বুমরাহ নিয়েছেন বাকি ২ উইকেট। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেছেন সাহিবজাদা ফারহান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৯.১ ওভারে ১৪৬ (ফারহান ৫৭, ফখর ৪৬, সাইম ১৪; কুলদীপ ৪/৩০, অক্ষর ২/২৬, বুমরাহ ২/২৫)
হারিসকে ফেরালেন বুমরাহ
উইকেট পতনের মিছিলে টিকতে পারলেন না হারিস রউফও। স্পিন আক্রমণে ধ্বসে যাওয়া পাকিস্তানের এই লোয়ার অর্ডারকে ফিরিয়েছেন পেসার বুমরাহ। রউফের স্টাম্প উড়িয়েই ক্ষান্ত হননি বুমরাহ। বিমান ভূপাতিত করার মতো করে উদযাপনটাও ফিরিয়ে দিয়েছেন সুদে আসলে, যেটা ভারতীয় দর্শকদের সঙ্গে রউফ করেছিলেন সুপার ফোরের ম্যাচে।
পাকিস্তান : ১৮ ওভারে ১৪১/৯
২৫ রানে ৭ উইকেট হারিয়ে লণ্ডভণ্ড পাকিস্তান

এবার গেলেন শাহিন শাহ আফ্রিদি। ভারতের স্পিন বিষে স্রেফ নীল হয়ে গেছেন পাকিস্তানি ব্যাটাররা। কুলদীপের ছোবল থেকে বাঁচলেন না শাহিন আফ্রিদিও। রিভিউ নিয়েও কোনো রান না করেই ফিরতে হয়ে তাকে।
এক বল বাদেই শূন্য রানে ফিরেছে ফাহিম আশরাফও। তাকেও ফিরিয়েছেন কুলদীপ। ২৫ রানে ৭ উইকেট হারিয়ে স্রেফ এলোমেলো পাকিস্তান। ১ উইকেট শতরান ছোঁয়া দলটি দেড়শর আগে গুটিয়ে যাবার শঙ্কায়!
পাকিস্তান : ১৭ ওভারে ১৩৪/৮
পাকিস্তানের ব্যাটিং ধ্বস

১১৩/১ থেকে ১৩১/৫! এটাকে আসলে কি বলা যায় ক্রিকেটের ভাষায়? অবশ্য দলটা পাকিস্তান বলেই আশ্চর্য হওয়ার কিছু নেই। ১৮ রানে ৪ উইকেট হারাতে পারে বলেই তারা 'আনপ্রেডিক্টেবল' হিসেবে বিখ্যাত।
ভারত স্রেফ চেপে বসেছে পাকিস্তানের ঘাড়ে। এবার গেলেন হুসেইন তালাত (১)। বরুণ, অক্ষর, কুলদীপদের স্পিনের সামনে নাজেহাল হয়ে গেলেন ফারহান, সাইম আইয়ুব, ফখর জামানরা। ৫ উইকেটের ৫টিই নিলেন ভারতের স্পিনাররা।
তালাতের আউটের রেশ কাটতে না কাটতেই গেলেন অধিনায়ক সালমান আলী আগাও। ৭ বলে ৮ রান করে কুলদীপের লেগস্পিনে দিশেহারা হয়ে ফিরেছেন পাক দলপতি। ভারতের এখন চালকের আসনে।
পাকিস্তান : ১৬.৩ ওভারে ১৩৪/৬
পাকিস্তানের ছন্দপতন, ভারতের উত্থান

পাকিস্তানের শতরানের পর তাদের বড় সংগ্রহের আশা দেখছিলেন সমর্থকরা। তবে ভারত অধিনায়ক স্পিন আক্রমণে আনতেই সর্বনাশ! প্যাভিলিয়নে ফেরার মিছিলে যোগ দিয়েছেন পাকিস্তানিরা। ছন্দপতনের স্রোতে এবার গেলেন ফখর জামান। ৩৫ বলে ৪৬ রান করা ফখরকে ফিরিয়েছেন বরুন। বরুনকে ছক্কা হাঁকানোর পরের বলেই অক্কা পেয়েছেন পাকিস্তানি ওপেনার।
পাকিস্তান : ১৫ ওভারে ১২৮/৪
শূন্যতে ফিরলেন হারিস
হঠাৎ করেই ছন্দপতন ঘটেছে পাকিস্তানের। দুর্দান্ত শুরুর পর শতরান পেরিয়ে গিয়েছিল তারা। তবে এরপরই শনির দশা ভর করেছে যেন। সাইম আইয়ুব আউট হতেই একই পথ ধরলেন চারে নামা মোহাম্মদ হারিস। উইকেটে এসেই অক্ষরকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ধরা পড়েছেন হারিস। তাকে বিদায় নিতে হয়েছে কোনো রান না করেই।
পাকিস্তান : ১৩.৩ ওভারে ১১৪/৩
সাইমকে ফেরালেন কুলদীপ

এশিয়া কাপে টানা শূন্যের বিব্রতকর রেকর্ড গড়া সাইম আইয়ুবের সামনে সুযোগ ছিল ফাইনালে নিজেকে চেনানোর। শুরুটা ভালোই করেছিলেন। শিবম দুবের ওভারে দুটি চার মেরে ভালো শুরুর ইঙ্গিত দিলেও দলীয় শতরানের পর ফিরতে হলো তাকে। কুলদীপের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে বুমরার হাতে ধরা পড়লেন তিনি। করতে পারলেন ১১ বলে ১৪ রান।
পাকিস্তান : ১৩.৩ ওভারে ১১৪/৩
শতরানের ঘর পেরোল পাকিস্তান

শতরানের ঘর পেরোল পাকিস্তান। ফারহানের আউটের পর ফখর ও সাইম মিলে দলকে শতরানের ঘর পার করান। দ্বাদশ ওভারে তিলক ভার্মার দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকিয়ে দলের রান ৯৯/১ থেকে ১০৩/১-এ নিয়ে যান ফখর। আপাতত বড় রানের দিকেই এগোচ্ছে সালমান আী আগার দল
পাকিস্তান : ১২ ওভারে ১০৭/১
আক্রমণাত্মক ফারহানের বিদায়

ফিফটির পর বেশি দূর এগোতে পারলেন না ফারহান। বরুণকে ছক্কা মারার পরের বলেই ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দিয়েছেন তিলকের ভার্মার হাতে। তাতেই শেষ হয়েছে তার ৫৭ রানের ইনিংস। ক্রিজে নতুন ব্যাটার সাইম আইয়ুব।
পাকিস্তান : ১০ ওভারে ৮৭/১
ফারহানের দ্বিতীয় ফিফটি
সাহিবজাদা ফারহান ও ফখর জামানের জুটি ভাঙতেই পারছে না ভারত। তাদের বোলিংকে নির্বিষ বানিয়ে আক্রমণের ঝড় তুলে যাচ্ছেন দুই পাকিস্তানি ওপেনার। এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন ফারহান।
এশিয়া কাপে নিজের দ্বিতীয় ও আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারে পঞ্চম ফিফটি পেয়ে গেলেন ফারহান। টুর্নামেন্টে তাী দুটি হাফ সেঞ্চুরিই ভারতের বিপক্ষে। কুলদীপ যাদবের ওভারের চতুর্থ বলে ২ রান নিয়ে ফিফটি পূরণ করেছেন ফারহান।
পাকিস্তান : ৯ ওভারে ৭৭/০
ফারহান-ফখরের বাজিমাত

এবারের এশিয়া কাপে নিজেদের উদ্বোধনী জুটিতে ভালো করতে পারছিল না পাকিস্তান। তবে ফাইনালে এসেই দেখাল ক্যালমা। উদ্বোধনী জুটিতেই ফিফটি পার হলেন সাহিবজাদা ফারহান ও ফখর জামান। আর তাতে আসরেই উদ্বোধনীতে সর্বোচ্চ রান করে দেখল তারা।
শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ৪৫ রানের জুটি পেরিয়ে আজ দলীয় ফিফটিও পার করেছেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান।
পাকিস্তান : ৮ ওভারে ৬৪/০
পাওয়ার প্লেতে পাকিস্তানের ভালো সংগ্রহ

হার্দিক পান্ডিয়ার অভাব অনুভব করল ভারত। পাওয়ার প্লেতে পাকিস্তানের ওপর কোনো চাপই সৃষ্টি করতো পারলেন না দুই ভারতীয় বোলার শিবম দুবে ও জসপ্রীত বুমরাহ। এ দুজনকে সাবলীল খেললেন দুই পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান।
পাওয়ার প্লের ৬ ওভার পুরোপুরি কাজে লাগিয়েছেন ফারহান ও ফখর। একজন একদিন থেকে দেখেশুনে খেললেও আরেকজন রীতিমতো চড়াও হয়েছেন। বুমরাহকে পেয়েই আক্রমণাত্মক হয়েছেন ফারহান। বাদ যাননি দুবেও। তাতে পাওয়ার প্লের ৬ ওভারে পাকিস্তান তুলেছে বিনা উইকেটে ৪৫ রান।
আক্রমণাত্মক সাহিবজাদা ফারহান

শুরু থেকেই দেখেশুনে খেলছে পাকিস্তান। শিবম দুবে ও জসপ্রীত বুমরাহকে দেখে আগাচ্ছেন দুই পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান। দুজন মিলে কখনো দেখে খেলছেন, কখনো বল বুঝে আক্রমণাত্মক হয়ে উঠছেন।
এদের মধ্যে সাহিবজাদস ফারহানের ব্যাট চলছে তলোয়ারের মতো। বুমরাহকে টার্গেট করে ব্যাট চালাচ্ছেন এই তরুণ। বুমরাহর ২ ওভারে হাঁকিয়েছেন ২ বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারি। ৪ ওভারে পাকিস্তানের রান দাঁড়িয়েছে বিনা উইকেটে ৩২।
বুমরাহর ওভারে ৮ রান

শিবম দুবের প্রথম ওভারে চার রান নেওয়ার পর জসপ্রীত বুমরাহর ওভারে ৮ রান নিল পাকিস্তান। এই ওভারে ১টি বাউন্ডারি মেরেছেন সাহিবজাদা ফারহান। একটি ডাবল ও সিঙ্গেলের সঙ্গে লেগবাই থেকে এসেছে বাকি ৪ রান।
দুবের প্রথম ওভারে ৪ রান
শিবম দুবের করা প্রথম ওভারে ৪ রান নিয়ে শুরু করল পাকিস্তান। প্রথম ৪ বল ডট দিয়ে পঞ্চম বলে চার হাঁকিয়েছেন সাহিবজাদা ফারহান। পরের বলটিও দিয়েছেন ডট।
অপরিবর্তিত একাদশে পাকিস্তান
যে দল নিয়ে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান ফাইনালে উঠেছে, আজও সেই দল নিয়ে নেমেছে পাকিস্তান
পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, আগা সালমান (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
ফাইনালে নেই হার্দিক পান্ডিয়া

চোটের কারণে ফাইনালে নেই হার্দিক পান্ডিয়া। গুরুত্বপূর্ণ এই অলরাউন্ডারকে ছাড়াই ফাইনালে নেমেছে ভারত। তার জায়গায় দলে এসেছেন মিডল অর্ডার ব্যাটার রিংকু সিং। ভারত শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে আরও দুটি পরিবর্তন এনেছে। দুই পেসার অর্শদীপ সিং ও হর্ষিত রানা বাদ পড়েছেন। একাদশে ফিরেছেন যশপ্রীত বুমরা ও শিবম দুবে।
ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
ভারতের আমন্ত্রণে ব্যাটিংয়ে পাকিস্তান
টস করতে এলেন দুই দলের অধিনায়ক। তবে সূর্যকুমার যাদব কিংবা সালমান আলী আগা কেউ কারো সঙ্গে হাত মেলাননি। চলতি আসরে এ নিয়ে তৃতীয়বারের মতো দুই দেশের অধিনায়কের বৈরিতা দেখল ক্রিকেট বিশ্ব।
ফাইনালে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের আমন্ত্রণে আগে ব্যাট করবে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে আগের দুই ম্যাচেও রান তাড়া করেছিল ভারত। দুটি ম্যাচই জিতেছিল তারা।
খেলা শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৮টায়।
অভিষেকের সামনে একাধিক রেকর্ডের হাতছানি

এশিয়া কাপের চলতি আসরজুড়ে চোখ ধাঁধানো ব্যাটিং করেছেন অভিষেক শর্মা। ফাইনালেও ভারতীয় তরুণের সামনে হাতছানি দিচ্ছে একাধিক রেকর্ড।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫১.৫০ গড় ও ২০৯.৬৩ স্ট্রাইক রেটে ৩০৯ রান করেছেন অভিষেক, যা এশিয়া কাপ টি-টোয়েন্টির এক আসরে সর্বোচ্চ। আজ ১১ রান করতে পারলেই কোহলিকে (৩১৯, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ) ছাড়িয়ে কোনো টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক হবেন অভিষেক।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ সাত ইনিংসেই ত্রিশ ছোঁয়া রান করেছেন অভিষেক। তার ইনিংসগুলো- ১৩৫, ৩০, ৩১, ৩৮, ৭৪, ৭৫, ৬১। আন্তর্জাতিক ক্রিকেটে টানা সাতটি ৩০ ছোঁয়া ইনিংস আর দুজনের আছে— রোহিত শর্মা ও মোহাম্মদ রিজওয়ানের। আজ আরেকটি ৩০ ছোঁয়া ইনিংস খেলতে পারলেই রোহিত ও রিজওয়ানকে ছাড়িয়ে যাবেন অভিষেক।
৪১ বছর পর ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। এশিয়ার বিশ্বকাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম শিরোপার লড়াইয়ে মাঠে নামছে দুই দল। ভারত-পাকিস্তানের উন্মাদনায় শামিল হতে আমার দেশ পাঠকদের জন্য থাকছে সরাসরি ধারা বিবরণী।
