বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। এরইমধ্যে বোর্ডে পদত্যাগপত্র জমাও দিয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শেষে দায়িত্ব ছাড়বেন এ ক্রিকেট কোচ। এক প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বিসিবি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর তিনি (সালাহউদ্দিন) পদত্যাগ করতে চাচ্ছেন। আমরা এনিয়ে আরও কোনো মন্তব্য করার আগে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করব।’
সাম্প্রতিক সময়ে সালাউদ্দিনকে নিয়ে হচ্ছিলো বেশ সমালোচনা। এর মধ্যেই ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেয় বিসিবি। এরপরেই জানা গেল, পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন দেশের অভিজ্ঞ এই কোচ।
সালাহউদ্দিন ২০২৪ সালের নভেম্বরে জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পান। এর আগে ২০০৬-২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০-২০১১ সাল পর্যন্ত বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞ কোচ হিসেবেও কাজ করেছেন।
ইতোমধ্যে বিসিবিকে নিজের পদত্যাগপত্র পাঠানো মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়াচ্ছেন। আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তিনি। এর আগে এক বছর জাতীয় দলের সঙ্গে দায়িত্ব পালন করলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


