খালেদের আগুনে বোলিংয়ে কেন্টের প্রথম বিভাগে প্রত্যাবর্তন

খালেদের আগুনে বোলিংয়ে কেন্টের প্রথম বিভাগে প্রত্যাবর্তন

বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদের নৈপুণ্যে দুই বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে ফিরেছে কেন্ট। মৌসুমের শেষ ম্যাচে গ্লস্টারশায়ারকে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয় বিভাগ থেকে সরাসরি উন্নতি নিশ্চিত করেছে দলটি।

বিজ্ঞাপন

ক্যান্টারবারিতে টসের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কেন্ট। প্রথম ইনিংসে ম্যাট মিলনেসের চার ও খালেদ আহমেদের তিন উইকেটের সুবাদে গ্লস্টারশায়ার গুটিয়ে যায় ২২৯ রানে। জবাবে বেন কম্পটনের সেঞ্চুরিতে কেন্ট তোলে ৩৫৩ রান। এতে ১২৪ রানের লিড পায় তারা।

দ্বিতীয় ইনিংসে গ্লস্টারশায়ার কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও তা বড় হতে দেননি কেন্টের বোলাররা। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া মিলনেস এবার শিকার করেন পাঁচ উইকেট। খালেদের ঝুলিতে যোগ হয় আরও দুই উইকেট। গ্লস্টারশায়ারের ইনিংস থামে ২৪১ রানে।

ফলে কেন্টের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১১৮ রান। জ্যাক ক্রাউলির ৪৪ এবং স্যাম নর্থইস্টের অপরাজিত ৪৯ রানের ইনিংসে ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

চলতি মৌসুমে কেন্টের হয়ে তিন ম্যাচ খেলেই খালেদ নিয়েছেন ১৬ উইকেট। এর আগে হাসান মাহমুদও কেন্টের হয়ে চার ম্যাচে নিয়েছিলেন ২৬ উইকেট। ওভারলোড ম্যানেজমেন্টের বিষয়টি বিবেচনায় রেখে হাসান দেশে ফিরে এলেও তার দেখানো পথে কেন্টের পেস আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খালেদ।

১৪ ম্যাচে ২১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বিভাগের টেবিলে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে কেন্ট। ২৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ডারহামও প্রথম বিভাগে উঠেছে, যদিও তাদের শেষ ম্যাচ তখনো চলছিল।

গত মৌসুমে দ্বিতীয় বিভাগের তলানিতে থাকা কেন্ট এবার দারুণ ঘুরে দাঁড়িয়ে শীর্ষ স্তরে জায়গা করে নিয়েছে। শনিবার নর্দাম্পটনশায়ার মিডলসেক্সের কাছে হারায় কেন্টের প্রথম বিভাগে ওঠা আগেই নিশ্চিত হয়েছিল। পরে নিজেদের শেষ ম্যাচে জয়ের মাধ্যমে সেই অর্জন উদযাপন করেছে দলটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন