এশিয়া কাপের ট্রফি গ্রহণ নিয়ে ভারতের সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টানাপোড়েন আরও স্পষ্ট হলো। এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এসিসি সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। এবার নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারানোর পরও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেয়নি ভারতীয় দল। এর আগে গত বছর পুরুষদের এশিয়া কাপ জয়ের পরও নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারত।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ফাইনালের আগেই এসিসিকে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছিল বোর্ড। ভারত চেয়েছিল, নাকভির পরিবর্তে এসিসির ডেপুটি চেয়ারম্যান খালিদ আল জারুনির মাধ্যমে ট্রফি হস্তান্তর করা হোক। ভারতীয় নারী দলও সেইভাবে ট্রফি গ্রহণের জন্য প্রস্তুত ছিল। কিন্তু নাকভি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ফলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করা ছাড়া ভারতের সামনে আর কোনো পথ ছিল না বলে জানান সাইকিয়া।
তার ভাষ্য, দেড় বছর আগের অবস্থানের ধারাবাহিকতায় এবারও ভারত একই সিদ্ধান্ত নিয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনা এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপটেই এই অবস্থান বলে ইঙ্গিত দিয়েছেন বিসিসিআই সচিব।
এদিকে ট্রফি না পেলেও নারী দলের শিরোপা জয়ে সন্তুষ্ট বিসিসিআই। সাইকিয়া জানিয়েছেন, কোনো এক পর্যায়ে পুরুষ ও নারী দলের দুই এশিয়া কাপের ট্রফিই বিসিসিআইয়ের হাতে ফিরে আসবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

