নারী এশিয়া কাপ

ভারতকে হারালেই ফাইনাল

ভারতকে হারালেই ফাইনাল

একটি হারেই এশিয়া কাপে অঙ্ক ও হিসাব বদলে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। দেশ ছাড়ার আগে দেশের মেয়েদের লক্ষ্য ছিল ফাইনাল খেলা। সে ফাইনালের পথ সুগম করতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি চেয়েছিলেন টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ভারতকে অন্তত সেমিফাইনালের মঞ্চে এড়িয়ে যেতে। কিন্তু গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারের তেতো স্বাদ হজম করায় সেই হিসাব এক নিমিষেই উল্টে গেছে। যে ভারতকে এড়িয়ে পথ সহজ করতে চেয়েছিল বাংলাদেশ, ফাইনালে ওঠার লড়াইয়ে আজ সেই ভারতের মুখোমুখি হতে হচ্ছে নিগার সুলতানার দলকে।

আজ বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মহারণে নামছে বাংলাদেশ ও ভারত। দুদলের লড়াই শুরু রাত ৮টা ৩০ মিনিটে। দুদলের সাম্প্রতিক অবস্থা এবং শক্তির ব্যবধান বেশ স্পষ্ট। টুর্নামেন্টে নিজেদের তিন ম্যাচের তিনটিতেই জিতে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। অন্যদিকে বাংলাদেশ শিবির আচ্ছন্ন ব্যাটিং-খরা ও দুশ্চিন্তায়। তবে মাঠের খেলায় আগের পরিসংখ্যান বা শক্তির ব্যবধান চিরস্থায়ী নয়; সেমিফাইনালের মঞ্চ তাই নিগার সুলতানাদের জন্য নিজেদের নতুন করে প্রমাণের দারুণ এক সুযোগ।

বিজ্ঞাপন

বাংলাদেশের সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্সের চিত্রটি অবশ্য বেশ চিন্তার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১২৯ রান করার পর শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ রানেই আটকে যায় দলটি। আর শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ; ইনিংস গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে।

আমিরাতের বিপক্ষে এক পর্যায়ে ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে লড়াইয়ে ফেরান শারমিন আক্তার সুপ্তা একাই। একাদশে ফিরেই ৩১ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস উপহার দেন তিনি। সপ্তম উইকেটে নাহিদা আক্তারকে সঙ্গে নিয়ে তার গড়া ৪২ রানের সময়োপযোগী জুটিই শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোরকে ১০০ পার করায়।

ব্যাটিং লাইনআপ বারবার হোঁচট খেলেও টুর্নামেন্টে বাংলাদেশের মূল আশার আলো হয়ে উঠেছে বোলিং আক্রমণ। শক্তিশালী ব্যাটিং লাইনের অভাব থাকলেও বোলারদের দুর্দান্ত নৈপুণ্যেই ইন্দোনেশিয়া ও আরব আমিরাতের বিপক্ষে কম পুঁজি নিয়েও জয় ছিনিয়ে এনেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে তাই বাংলাদেশের প্রধান ভরসা হতে যাচ্ছে এই বোলিং বিভাগই।

আজ সমর্থকদের সামনেও উপস্থিত বড় পরীক্ষা। ভারতকে হারাতে পারলে সরাসরি খুলে যাবে এশিয়া কাপের কাঙ্ক্ষিত শিরোপা জয়ের লড়াইয়ের দরজা, আর হেরে গেলে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হবে বাংলাদেশকে। ভাগ্যের চক্র যে প্রতিপক্ষকে এড়ানোর পথ বন্ধ করে দিয়েছিল, এখন সেই ভারতের বিপক্ষে জয় তুলে নিয়েই ফাইনালে পা রাখতে মরিয়া নিগার সুলতানা জ্যোতিরা।

নারী এশিয়া কাপ সূচি

প্রথম সেমিফাইনাল

বাংলাদেশ-ভারত

১০ সেপ্টেম্বর (আজ বৃহস্পতিবার)

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

দ্বিতীয় সেমিফাইনাল

শ্রীলঙ্কা-পাকিস্তান

১১ সেপ্টেম্বর (শুক্রবার)

ফাইনাল

সেমিফাইনালের দুই বিজয়ী দল

১৩ সেপ্টেম্বর (রোববার)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন