হোপ-রাদারফোর্ডের ঝড়ে ২৫০ রান তাড়া করে জিতল ওয়েস্ট ইন্ডিজ

হোপ-রাদারফোর্ডের ঝড়ে ২৫০ রান তাড়া করে জিতল ওয়েস্ট ইন্ডিজ

ভারতের বিপক্ষে রানবন্যার ম্যাচে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রাঁচিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। শাই হোপের দুর্দান্ত সেঞ্চুরি ও শেরফান রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখোই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে গেছে তারা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

শুক্রবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ২৪৯ রান তোলে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন সঞ্জু স্যামসন। মাত্র ৪১ বলে খেলা তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও চারটি ছক্কা। শুরুতেই অভিষেক শর্মার সঙ্গে ঝড় তুলে ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন স্যামসন। অভিষেক করেন ১০ বলে ২৮ রান, আর ইশান কিষান যোগ করেন ৪৩ রান। শেষ দিকে শ্রেয়াস আইয়ারের ১৮ বলে ৪০ এবং তিলক ভার্মার ১৮ বলে অপরাজিত ৪৪ রানের ঝোড়ো ইনিংসে আড়াই শ ছোঁয়ার কাছাকাছি পৌঁছে যায় ভারত। আইয়ার ও তিলক মাত্র ৩২ বলে ৮৩ রানের জুটি গড়েন।

জবাবে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারে মায়াঙ্ক যাদবের বলে পরপর দুই উইকেট হারায় দলটি। পরে তাঁর শিকার হন অধিনায়ক রভম্যান পাওয়েলও। তবে সেই চাপ সামলে ম্যাচের চিত্র পাল্টে দেন হোপ ও রাদারফোর্ড।

চতুর্থ উইকেটে দুজনের ১২০ রানের জুটি ভারতের বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালায়। মাত্র ৩৭ বলে ৮৪ রান করেন রাদারফোর্ড। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও সাতটি ছক্কা। অন্য প্রান্তে অবিচল হোপ ৪৫ বলে ১০২ রানে অপরাজিত থাকেন। ছয়টি চার ও নয়টি ছক্কায় সাজানো তাঁর ইনিংসেই জয়ের পথ সহজ হয়। পরে রোমারিও শেফার্ডকে সঙ্গে নিয়ে হোপ দলকে লক্ষ্যে পৌঁছে দেন।

তৃতীয় টি-টোয়েন্টি হবে আগামীকাল, ইন্দোরে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন