সিপিএল

ফাইনালের স্বপ্ন চুরমার মিরাজদের

ফাইনালের স্বপ্ন চুরমার মিরাজদের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছিলেন মেহেদি হাসান মিরাজ। বিশেষ করে বল হাতে ছড়িয়ে যাচ্ছিলেন স্পিন বিষ। তাতেই নীল হচ্ছিলেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। কিন্তু হঠাৎ করেই যেন ছন্দপতন ঘটল। শেষটায় এসে কোথায় যেন হারিয়ে ফেলেন স্পিন জাদু। প্রথম কোয়ালিফায়ারের মতো দ্বিতীয় কোয়ালিফায়ারেও বাংলাদেশের তারকা এ অলরাউন্ডার মঞ্চস্থ করল একই চিত্রনাট্য। মিরাজের অনুজ্জ্বল পারফরম্যান্সে জ্যামাইকা কিংসম্যানের কাছে ৫ উইকেটে হেরেছে তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এই হারে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে দলটির। গত আসরের ফাইনালে শিরোপ হাতছাড়া হয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে হেরে। এবার শিরোপা নির্ধারণী ম্যাচের আগেই থামতে হলো গায়ানা।

ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে শিমরন হেটমায়ারের ঝড়ো সেঞ্চুরিতে ২০৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় গায়ানা। ৪৫ বলে ১০২ রানে অপরাজিত থাকেন হেটমায়ার, যা চলতি সিপিএলে তার দ্বিতীয় শতক। তবে ২০৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ দলীয় নৈপুণ্যে ২ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় জ্যামাইকা। জ্যামাইকার জার্সিতে মাজ সাদাকাত (৪১), ক্রিক ম্যাকেঞ্জি (৩৪), কিচি কার্টি (৫৬) এবং রোভম্যান পাওয়েল (১৭ বলে ৪০) গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বিজ্ঞাপন

গায়ানার হয়ে বল হাতে ব্যর্থ ছিলেন মিরাজ। ৪ ওভারে ৪৩ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি এবং ম্যাচে ব্যাটিংয়ের সুযোগও পাননি।

এবারই প্রথম সিপিএলে অংশ নিয়ে মোহাম্মদ নবীর বদলি হিসেবে গায়ানার হয়ে ৫টি ম্যাচ খেলেন মিরাজ। টুর্নামেন্টের প্রথম ৩ ম্যাচে ৯টি উইকেট পেলেও শেষ দুটি প্লে-অফ ম্যাচে থাকলেন উইকেটশূন্য। ব্যাট হাতেও ছিলেন হতাশাজনক; ৪ ইনিংসে ৪৮.৮৩ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ছিল মাত্র ২১ রান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন