হারের ধাক্কার পর জরিমানাও গুনল বাংলাদেশ

হারের ধাক্কার পর জরিমানাও গুনল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারের পর এবার জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে ধীরগতির বোলিংয়ের কারণে দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিজ্ঞাপন

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ এক ওভার পিছিয়ে থাকায় একাদশে থাকা প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা দিতে হবে।

বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয় অভিযোগ মেনে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির পক্ষ থেকে শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটিতে নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে খেলতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন হৃদয়। অসুস্থতার কারণে একাদশে ছিলেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও।

সিরিজের প্রথম ম্যাচে মাঠের পারফরম্যান্সে হতাশ হওয়ার পর মাঠের বাইরের এই শাস্তিও বাংলাদেশের জন্য বাড়তি অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল। নিজেদের দ্বিতীয় ম্যাচে ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন