বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি

১৬: ২১, এপ্রিল ২৯

ম্যাচ পরিত্যক্ত

দুপুর ১২ টায় শুরু হওয়া বৃষ্টি থামেনি বিকাল ৪.১৮ মিনিট পর্যন্তও। এমন কী বৃষ্টি থামবে তেমন কোন সম্ভাবনাও দেখা যাচ্ছে না। ফলে ম্যাচ বাতিল ঘোষণা করেছে ম্যাচ অফিসিয়ালরা। আনুষ্ঠানিকভাবে বিকাল ৪.১৯ মিনিটে খেলা পরিত্যক্ত হওয়ার ঘোষণা দেন ম্যাচ অফিসিয়ালসরা।

দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ঢাকায় ফিরবে বাংলাদেশ দল। আগামী ২ মে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

১৫: ১৫, এপ্রিল ২৯

শুরু হয়েছে ওভার কাটা

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। তখন জানা গিয়েছিল দুপুর ৩ টা ১০ মিনিটের মধ্যে খেলা শুরু না হলে ওভার কাটা শুরু হবে। অর্থাৎ, এখন খেলা শুরু হলে ২০ ওভারের ম্যাচ হবে না। ম্যাচের দৈর্ঘ্য কমে আসবে।

চট্টগ্রামে চলমান গুড়ি গুড়ি বৃষ্টি থামার কোন লক্ষণই দেখা যাচ্ছে না। মাঠে কিছু দর্শক তবুও অপেক্ষায় আছেন বৃষ্টি থামার। তবে সেই আশা সম্ভবত গুড়ে বালি। আবহাওয়ার পূর্বাভাসে দেখা গেছে, বিকাল ৫ টা ১৬ মিনিটের মধ্যে বৃষ্টি থামার কোন সম্ভাবনা নেই।

১৩: ৫৩, এপ্রিল ২৯

খেলা শুরুর শেষ সময় বিকাল ৫ টা ১৬ মিনিট

গুড়ি গুড়ি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হচ্ছে না। যদি দুপুর ৩ টা ১০ মিনিটের মধ্যে বৃষ্টি থামে এবং খেলা শুরু করা যায়, তাহলে পুরো ২০ ওভার খেলা হবে। এরপর থেকে শুরু হবে ওভার কাটা। তবে এরপরেও বৃষ্টি না থামলে বিকাল ৪ টা ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করবে ম্যাচ অফিসিয়ালসরা। সে সময়ের মধ্যে বৃষ্টি থামলে ও মাঠ প্রস্তুত হলে ৫ টা ১৬ মিনিটের মধ্যে খেলা শুরু হবে। সেক্ষেত্রে খেলা হবে ৫ ওভারের।

যদি ৪ টা ৫০ মিনিটের মধ্যে বৃষ্টি না থামে ও খেলা শুরুর প্রস্তুতি শুরু করা না যায়, তাহলে পরিত্যক্ত হবে ম্যাচ।

সকালে তুমুল বৃষ্টি থাকলেও এখন বৃষ্টির তোড় খানিকটা কমেছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি নির্ধারিত সময়ের মধ্যে থামবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা। এক রকম বলাই যায়, খেলা না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

১৩: ৪৩, এপ্রিল ২৯

বৃষ্টিতে দেরি টস, খেলা হওয়া নিয়ে শঙ্কা

সকাল থেকে বৃষ্টি না থাকলেও আকাশের মন ছিল খারাপ। কালো মেঘে ঢাকা থাকা বন্দরনগরীতে বৃষ্টি শুরু হয় দুপুরে ১২ টার দিকে। সেই বৃষ্টির মাঝেই বাংলাদেশ ও নিউজিল্যান্ড- দুই দলই নির্ধারিত সময়ে মাঠে এসেছে। তবে এখনো বৃষ্টি না থামায় নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়া নিয়ে রয়েছে শঙ্কা।

দুই দল নির্ধারিত সময়ে মাঠে এলেও বৃষ্টির কারণে অনুশীলন শুরু করতে পারেনি। ড্রেসিংরুমে বন্দি হয়ে আছেন তারা।