স্যান্ডপেপারগেট কাণ্ডে কামিন্সকে ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘সর্বসম্মত সমর্থন’

স্যান্ডপেপারগেট কাণ্ডে কামিন্সকে ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘সর্বসম্মত সমর্থন’

স্যান্ডপেপার কাণ্ডের নতুন করে ওঠা ঝড়ে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সে আলোচনায় আপাতত ইতি টানল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্যাট কামিন্সের ওপর ‘সর্বসম্মত সমর্থন’ জানিয়েছে বোর্ড। ফলে টেস্ট ও ওয়ানডেতে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতি কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে উসমান খাজার আত্মজীবনী ও ক্যামেরন ব্যানক্রফটের সাম্প্রতিক বক্তব্যের পর। তাদের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে, ঘটনাটি সম্পর্কে দলের আরো অনেকে জানতেন। এরপর কামিন্সের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। যদিও কামিন্স বরাবরই দাবি করে আসছেন, মাঠে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে তিনি কিছু জানতেন না।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে কামিন্সের সঙ্গে বৈঠক করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। পরদিন বোর্ড জানায়, অধিনায়ক হিসেবে কামিন্সের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। বুনের ভাষ্য, কামিন্সের নেতৃত্বে গত আট বছরে দলীয় সংস্কৃতি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই বলেও জানিয়েছেন তিনি।

কামিন্সও বোর্ডের সমর্থনে স্বস্তি প্রকাশ করেছেন। একইসঙ্গে বিতর্কের নিষ্পত্তিতে গঠিত স্বাধীন ফোরামে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ২০১৮ সালের সফরে সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তারা সেখানে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবেন।

আগামী ৯ ডিসেম্বর পার্থে কামিন্সের নেতৃত্বেই নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন