অস্ট্রেলিয়ার কিংবদন্তিদের প্রশংসা

‘ম্যাকগ্রার মতোই বল করেছে হাসান’

‘ম্যাকগ্রার মতোই বল করেছে হাসান’

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পেসার হাসান মাহমুদ। ডারউইন টেস্টে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া এই পেসারের বোলিংয়ে এবার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার ছায়া দেখেছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ডেমিয়েন ফ্লেমিং।

বিজ্ঞাপন

‘ফাস্ট বোলিং কার্টেল’ পডকাস্টে ম্যাকগ্রা ও জেসন গিলেস্পির সঙ্গে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে আলোচনায় ফ্লেমিং বিশেষভাবে প্রশংসা করেন হাসানের বোলিংয়ের। তার মতে, নিখুঁত লেংথ, নিয়ন্ত্রণ ও ধারাবাহিকতায় হাসান অনেকটা ম্যাকগ্রার মতোই বোলিং করেছেন।

ম্যাকগ্রার সামনেই ফ্লেমিং বলেন, ‘বোলিংয়ে হাসান মাহমুদ একেবারে নিখুঁত লেংথটা পেয়ে গিয়েছিল। পিচে যখন কিছুটা আর্দ্রতা ছিল, তখন হয়তো অন্য কেউ একটু শর্ট লেংথে বল করে ফেলত। আমি নিশ্চিত নই তুমি (ম্যাকগ্রা) কোনো হাইলাইটস দেখেছ কি না, তবে এটা ছিল একদম ম্যাকগ্রার মতো বোলিং।’

হাসানের বোলিংয়ে ব্যাটসম্যানকে সামনের পায়ে খেলতে বাধ্য করা এবং লেংথ থেকে বল মুভ করানোর বিষয়টিও তুলে ধরেন ফ্লেমিং। পুরো স্পেলে একই জায়গায় ধারাবাহিকভাবে বল করে যাওয়া তাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।

ডারউইন টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন হাসান। একাই নেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে আরও ৩ উইকেট নিয়ে ম্যাচে মোট ৯ শিকার পূর্ণ করেন তিনি।

বাংলাদেশের এই জয়কে বিশ্ব ক্রিকেটের জন্য ইতিবাচক ঘটনা হিসেবে দেখছেন ম্যাকগ্রাও। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ফিরে বাংলাদেশ এমন পারফরম্যান্স দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে। এরপর তারা অস্ট্রেলিয়ায় এসে এমন পারফর্ম করল! এটা বিশ্ব ক্রিকেটের জন্য ইতিবাচক দিক।’

ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ একই পারফরম্যান্স ধরে রাখতে পারলে আরও ভালো কিছু অর্জন করতে পারে বলে আশাবাদী সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন