আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে ওমান যাওয়ার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। তবে প্রয়োজনীয় ভিসা না পাওয়ায় নির্ধারিত সময়ে দেশ ছাড়তে পারছে না যুবারা। শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রা স্থগিতের বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানিয়েছে, সিরিজটির আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাদের জানিয়েছে, ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারা। ভিসার প্রক্রিয়া শুরু হয়েছিল সেপ্টেম্বরের শুরুতে। পুরো প্রক্রিয়াটি এসিবির মাধ্যমে সমন্বয় করা হচ্ছে। ফলে ভিসা ইস্যুর বিষয়টি বিসিবির সরাসরি নিয়ন্ত্রণে নেই।
এদিকে সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিসিবি। ভিসা হাতে পেলেই দ্রুত প্রয়োজনীয় ভ্রমণব্যবস্থা সম্পন্ন করে দলকে ওমানে পাঠানো হবে।
সূচি অনুযায়ী, বাংলাদেশ-আফগানিস্তান অ-১৯ দল সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হওয়ার কথা ছিল আগামী ১৩ অক্টোবর। বাকি চারটি ম্যাচ ১৫, ১৮, ২০ এবং ২৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ এবং শেখ জারিফ সিয়াম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

