বিশ্বমঞ্চেই গুডবাই বলবেন কিং কোহলি

বিশ্বমঞ্চেই গুডবাই বলবেন কিং কোহলি

গল্পটা শুরু হয়েছিল ঠিক পনেরো বছর আগে—২০১১ সালের মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে অপরাজিত শতক হাঁকিয়ে নিজের ওয়ানডে বিশ্বকাপ ক্যারিয়ারের রূপকথা লিখেছিলেন বিরাট কোহলি। সময়ের স্রোতে সেই তরুণ ২২ বছরের ক্রিকেটার আজ ৩৭ বছরের এক পরিণত মহাতারকা। তবে সব ভালো জিনিসেরই যেমন একটি শেষ থাকে, তেমনি কোহলির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্তিম অধ্যায়ের ঘোষণাও এসে গেল। ভারতীয় মিডিয়া ‘জিওস্টার’-কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে কোহলি নিশ্চিত করেছেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপই হতে চলেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

আগামী বছরের অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের যৌথ আয়োজনে হবে ক্রিকেটের এই ৫০ ওভারের মেগা আসর। বিদেশের ভিন্ন কন্ডিশনে খেলার কড়া চ্যালেঞ্জ এবং শরীর ও মনের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাবের কথা মাথায় রেখেই নিজের অবসরের এই পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। কোহলির ভাষায়, ‘এবার খেলা হবে বিদেশের ভিন্ন কন্ডিশনে, যা শরীর এবং মনের ওপর বাড়তি চাপ ফেলে। তবে আমার জন্য এটিই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ। আর এটাই আমার মূল অনুপ্রেরণা—মাঠের লড়াইয়ে নিজের সবটুকু উজাড় করে দেওয়া।’

বিজ্ঞাপন

আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের বাকি ফরম্যাটগুলো থেকে ধাপে ধাপে নিজেকে সরিয়ে নিয়েছেন। ২০২৪ সালের জুনে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরপরই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানান তিনি। এরপর ২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন। বর্তমানে তিনি ভারতের হয়ে শুধু ওয়ানডে ফরম্যাটেই নিয়মিত খেলছেন। ফলে তার ভক্ত-সমর্থকদের জন্য ওয়ানডে বিশ্বকাপই হতে যাচ্ছে তাকে জাতীয় দলের জার্সিতে পূর্ণাঙ্গ ছন্দে দেখার শেষ বড় সুযোগ।

কোহলির বর্ণাঢ্য বিশ্বকাপ ইতিহাসে রয়েছে অনেক সোনালি অধ্যায়ের ছোঁয়া। ২০১১ সালে নিজের প্রথম বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন। এরপর খেলেছেন আরো তিনটি বিশ্বকাপ। ২০২৩ সালের সবশেষ ঘরের মাঠের ওয়ানডে বিশ্বকাপে তিনি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক (৭৬৫ রান), যা বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড। ৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা ও রোমাঞ্চকে যেকোনো কিছুর চেয়ে উঁচুতে স্থান দিয়ে কোহলি বলেন, বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচজুড়ে একই তীব্রতা ধরে রাখা সত্যিই অনেক বড় বিষয়।

বিশ্বকাপের মঞ্চে এ পর্যন্ত ৩৭ ম্যাচে ৫৯.৮৩ গড়ে ১,৭৯৫ রান করেছেন কোহলি, যার মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ১২টি ফিফটি। শচীন টেন্ডুলকারের বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের (২২৭৮ রান) রেকর্ডটি থেকে তিনি এখন মাত্র ৪৮৪ রান দূরে।

দেড় দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ওয়ানডে দলের ব্যাটিং মেরুদণ্ড হিসেবে দায়িত্ব পালন করা কোহলির সামনে এখন একটাই সুনির্দিষ্ট স্বপ্ন—ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটি রাঙিয়ে দেশে ট্রফি নিয়ে যাওয়া। আর সেই লক্ষ্যেই এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন