বাংলাদেশ ক্রিকেট দল জাপানের নাগোয়ায় পা রেখেছে ৬ দিন হলো। তবে আজই প্রথম রোদের দেখা পেয়েছেন লিটন দাসরা। আগামীকাল তাদের বড় পরীক্ষা। সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। আর আবহাওয়া বলছে, ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা প্রায় শতভাগ।
জাপানে প্রথম রোদ দেখার অভিজ্ঞতা নিয়ে টাইফার ব্যাটার ইয়াসির আলী রাব্বি জানিয়েছেন, 'জাপানে আসার পর আজই প্রথম রোদ দেখলাম। ভালো লাগছে, আজ প্রথম আমরা মাঠে নামতে পেরেছি। কালকেও ইনশাআল্লাহ রোদ থাকবে, আশা করি খেলার জন্য ভালো আবহাওয়া থাকবে।'
বৃষ্টির কারণে গত কয়েকদিন অনুশীলন হয়নি। কোয়ার্টার ফাইনাল ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ওই ম্যাচটি হলে খেলোয়াড়রা কিছুটা গেইম টাইম পেতে পারত। তবে রাব্বির বিশ্বাস, অনুশীলন না হলেও দল মানসিকভাবে প্রস্তুত।
তিনি বলেন, 'অনুশীলন হয়নি, তবে সবসময় নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখি আমরা। এর আগে আমাদের জিম সেশন ছিল, করতে পারিনি তবে মাঠে এসেছি আমরা। অনুশীলন করেছিল, ফুটবল খেলেছি। যতটুকু পেরেছি, নিজেদের মানসিকভাবে প্রস্তুত রেখেছি।'
অসুস্থতার কারণে নাজমুল হোসেন শান্তকে এশিয়ান গেমস ছেড়ে দেশে ফিরতে হয়েছে। এটার প্রভাব সম্পর্কে রাব্বি বলেন, 'এটা দুর্ভাগ্যজনক। ও অসুস্থতার কারণে চলে যাচ্ছে। কিন্তু যেটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। আমাদের ফোকাস করা উচিত সামনের দিকে। ব্যাটিং অর্ডারে যা আছে, তাই নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।'
উইকেট নিয়ে রাব্বির মন্তব্য, 'উইকেট দেখেছি। ভালো উইকেট মনে হয়েছে। আশা করি আমরা ভালো উইকেটে খেলব।'
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তানকে নিয়ে রাব্বি বলেন, 'ওরা অনেক ভালো দল। ক্রিকেটে যখন আমরা মাঠে নামি, সবাই ভালো দল। যে ভালো খেলবে, সে জিতবে। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলব।'
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিকল্পনা, 'স্বাভাবিকভাবে যেসব পরিকল্পনা থাকে, ওইরকম পরিকল্পনা নিয়েই মাঠে নামব। প্রতিটা দলের সঙ্গেই আমাদের সঠিক প্রক্রিয়া অনুসরণ এবং ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। বাকিটা উইকেট এবং আবহাওয়ার ওপর বিবেচনা করে খেলতে হবে।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

