প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকার পরও শেষ রক্ষা হলো না বাংলাদেশ নারী দলের। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ২-১ ব্যবধানে শ্রীলঙ্কার কাছে সিরিজ খোয়াতে হয়েছে স্বাগতিকদের।
রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান তোলে বাংলাদেশ। জবাবে মাত্র ২১ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।
রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। দলীয় ১৯ রানে আউট হন অধিনায়ক চামারি আতাপাত্তু। তবে এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি। দ্বিতীয় উইকেটে তাদের ১০৮ রানের জুটি শ্রীলঙ্কাকে শক্ত ভিত এনে দেয়। দুলানি ৫৬ রানে থামলেও দল তখন অনেকটাই এগিয়ে।
এরপরও থামেননি হাসিনি পেরেরা। তৃতীয় উইকেটে হারশিথা সামারাবিক্রমা-কে নিয়ে আরও ৭৮ রান যোগ করেন তিনি। সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৯৫ রানে থামেন পেরেরা। শেষদিকে সামারাবিক্রমা অপরাজিত ৪৪ রানে থেকে জয় নিশ্চিত করেন, সঙ্গে হানসিমা করুণারত্নে ছিলেন ২ রানে অপরাজিত।
বাংলাদেশের হয়ে বল হাতে কিছুটা লড়াই করেছেন মারুফা আক্তার, তিনি নেন দুটি উইকেট। একটি উইকেট পেয়েছেন সোবহানা মোস্তারি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। দুই ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানা কিছুটা ভিত্তি গড়লেও কেউই ইনিংস বড় করতে পারেননি। ফারজানা ১১ ও শারমিন ১৭ রানে আউট হলে ৩৪ রানেই দুই উইকেট হারায় দল। এরপর শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলকে সামাল দেন। শারমিন ২৫ রান করলেও জ্যোতি ধীরগতির ইনিংসে ৯০ বলে ৪০ রান করেন, যা দলের রানরেটে প্রভাব ফেলে।
অন্যদিকে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সোবহানা মোস্তারি। শুরু থেকেই সাবলীল ব্যাটিং করে ৮০ বলে ৭৪ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। শেষদিকে রিতু মণি ১৬ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেললেও দল বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

