অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই উন্নতি করেছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, আর সবচেয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান ও হাসান মাহমুদ।
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন শান্ত। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ৯ ধাপ এগিয়ে তিনি এখন ব্যাটিং র্যাংকিংয়ের ২০ নম্বরে। ৬৫৯ রেটিং পয়েন্টও তার ক্যারিয়ারসেরা। নয় বছরের টেস্ট ক্যারিয়ারে এই প্রথম শীর্ষ বিশে জায়গা করে নিলেন বাংলাদেশ অধিনায়ক।
ডারউইনে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করে আলোচনায় আসা তানজিদ হাসান র্যাংকিংয়ে অবিশ্বাস্য ৮৪ ধাপ এগিয়েছেন। বাঁহাতি ওপেনার এখন আছেন ৮৮ নম্বরে।
দুই ইনিংসে ৪৯ ও অপরাজিত ৩০ রান করা মুমিনুল হক পাঁচ ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠেছেন। সাদমান ইসলাম তিন ধাপ এগিয়ে ৫৮ নম্বরে। ৬৫ রানের লড়াকু ইনিংসের সুবাদে মেহেদী হাসান মিরাজ পাঁচ ধাপ এগিয়ে ৫৯তম। তবে এক ইনিংসে শূন্য রানে ফেরায় লিটন দাস পাঁচ ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমেছেন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ১৮ নম্বরে থাকা মুশফিকুর রহিমই সবার ওপরে।
বোলিংয়ে সবচেয়ে বড় উন্নতি হাসান মাহমুদের। ডারউইনে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা এই পেসার ২৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৮ নম্বরে। ৫০৩ রেটিং পয়েন্ট তার ক্যারিয়ারসেরা।
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া মিরাজ তিন ধাপ এগিয়ে ২৪ নম্বরে। তাইজুল ইসলাম ১১ নম্বর অবস্থান ধরে রেখেছেন। তিন উইকেট পাওয়া তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ৪৯তম হয়েছেন। নাহিদ রানা এক ধাপ পিছিয়ে ৬০ নম্বরে।
অলরাউন্ডার র্যাংকিংয়ে মিরাজ তিন নম্বরেই আছেন। তার রেটিং বেড়ে হয়েছে ৩২০। শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা, ৪৪৬ পয়েন্ট নিয়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

