ইংল্যান্ড ছুড়ে দিয়েছিল ২০৩ রানের বিশাল লক্ষ্য। পাহাড়সম এ লক্ষ্য তাড়া করতে নেমে ইতালি যে ১৭৮ পর্যন্ত করবে, তা ভাবতে পারেনি কেউ। ইংল্যান্ডের দারুণ বোলিং লাইনআপের বিপক্ষে দারুণ ব্যাট করে চমক দেখিয়েছে ইতালি। হয়তো আরেকটু হলে ম্যাচটাই জিতে নিতে পারত। ইংল্যান্ডের কাছে ২৪ রানে হারলেও চমক যা দেখানোর, ব্যাট হাতে সেটা ঠিকই দেখিয়েছে দলটি।
২০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় ইতালি। ২২ রানের মাথায় হারায় তিন উইকেট। তবে সেখান থেকেই শুরু ইতালিয়ান চমক। ওপেনার জাস্টিন মোসকা ৩৪ বলে ৪৩ রান করে ইতালিকে নেন দারুণ অবস্থায়।
ফলে ঝড় তোলার সাহস দেখাতে পেরেছিলেন বেন মেনেত্তি ও গ্রান্ট স্টুয়ার্ট। মেনেত্তি ২৫ বলে ৬০ এবং স্টুয়ার্ট ২৩ বলে ৪৫ রান করে ইতালিকে প্রায় জয়ের কাছাকাছিই নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার অভাবে ১৭৮ রানে থামে ইতালির ইনিংস। ইংল্যান্ডের হয়ে জেমি ওভারটন ১৮ রানে নেন তিন উইকেট। এছাড়া স্যাম কারান ২২ রানে নেন তিন উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। উইকেট হারালেও ব্যাট হাতে ঝড় থামাননি দলটির ব্যাটাররা। ওপেনার ফিল সল্ট ১৫ বলে করেন ২৮ রান। এছাড়া জ্যাকব বেথেল ২০ বলে ২৩ ও টম ব্যানটন ২১ বলে খেলেন ৩০ রানের ইনিংস।
এছাড়া শেষদিকে উইল জ্যাকস ২২ বলে ৫২ রানের দারুণ এক ঝড়ো ইনিংস খেলেন। তাতেই মূলত ইংল্যান্ড পায় ২০০ রানের পুঁজি। এছাড়া স্যাম কারান ১৯ বলে করেন ২৫ রান।
ইতালির হয়ে গ্র্যান্ট স্টুয়ার্ট ও ক্রিশান কালুগামাগে নেন দুটি করে উইকেট। ইতালির বিপক্ষে এ জয়ে ‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ২০২/৭, ২০ ওভার (জ্যাকস ৫৩*, ব্যানটন ৩০, কালুগামাগে ২/৪১)।
ইতালি : ১৭৮/১০, ২০ ওভার (মেনেত্তি ৬০, স্টুয়ার্ট ৪৫, ওভারটন ৩/১৮)।
ফলাফল : ইংল্যান্ড ২৪ রানে জয়ী।
ম্যাচসেরা : উইল জ্যাকস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

