টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই চক্রে আর ৬টি ম্যাচ আছে টাইগারদের। সেই ৬ ম্যাচে প্রত্যাশিত ফল এলে ফাইনালে খেলার ভালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তবে সেটা করতে হলে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। ছেলেদের মধ্যে অবশ্য সেই সম্ভাবনা দেখছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের ওপরে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া ৯ উইকেটের জয় ডব্লিউটিসির ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস দিয়েছে। সেরা দুইয়ে জায়গা পেতে হলে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো খেলতে হবে। আর সেটা করতে পারলে মিলতে পারে ফাইনাল খেলার টিকিট।
যাত্রাটা তেমন সহজ হবে না, এটা সবারই জানা। তবে এটাকে বড় সুযোগ হিসেবে দেখছেন মুশতাক। বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, 'কেন নয়? ইনশাআল্লাহ। আমরা এখন দারুণ অবস্থানে আছি। আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, নিজেদের বিশ্বাস ধরে রাখতে পারি এবং এভাবে খেলা চালিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত যাওয়ার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় আছে।'
বাংলাদেশ এরই মধ্যে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় টেস্ট জয় পেয়েছে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের পর প্রত্যাশার মাত্রা আরও বেড়েছে। ডারউইনের জয়কে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশের যে কোনো সংস্করণে সবচেয়ে বড় জয় হিসেবে বর্ণনা করেছিলেন।
তবে শুধু মাঠের পারফরম্যান্স নয়, ফাইনালের পথে মানসিকতাকেও গুরুত্বপূর্ণ মনে করছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার। তার মতে, হারের ভয় নিয়ে খেললে আন্তর্জাতিক ক্রিকেটে বড় দলকে চ্যালেঞ্জ করা কঠিন।
মুশতাক বলেন, ‘ছেলেদের নিয়ে আমি খুবই খুশি। একঝাঁক এমন ছেলেকে নিয়ে আমি কাজ করছি, যারা যে কোনও দলের বিপক্ষে জেতার চেষ্টা করে। ইনশাআল্লাহ, আপনারা দেখতে পাবেন, যদি একই মানসিকতা ধরে রেখে ও হারের ভয় না করে এগোতে পারি, তাহলে যে কোনও দলকে চ্যালেঞ্জ করতে পারবো।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

