টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শুরু

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শুরু

অসহনীয় গরমে নাভিশ্বাস ওঠার দায়। বাইরে যখন দাঁড়িয়ে থাকা কঠিন, তখন সাগরিকায় কঠোর অনুশীলনে মগ্ন ক্রিকেটাররা। সকালে নিউজিল্যান্ডের অনুশীলনের পর, ভর দুপুরে নিজেদের ঝালিয়ে নেয় বাংলাদেশ। সোমবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে দুপুর ২টায়। ওই সময়ের সঙ্গে মিলিয়ে আজ দুপুর ১টা থেকে অনুশীলন শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা। যা শেষ হয় বিকালে।

এমন সময়ে অনুশীলন হওয়ায় স্পষ্ট, সময়ের সঙ্গে মানিয়ে নিতেই এই সময়ে অনুশীলন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ অনুশীলনে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তরুণ দুই ক্রিকেটার রিপন মণ্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। নিজেদের বোলিং দিয়ে গতকাল কোচিং স্টাফ থেকে শুরু করে অনুশীলন কাভার করা সাংবাদিকদেরই এক রকম মুগ্ধ করেছেন তারা দুজনে। সোমবার প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ পেলে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

বিজ্ঞাপন

আজ অনুশীলন উইকেট নিয়েও ছিল নানা জল্পনা-কল্পনা। দুই দলের কোচ-অধিনায়ক উইকেট দেখেছেন। কিউরেটর জাহিদ রেজা বাবু ও টনি হেমিংয়ের সঙ্গে কথা বলে উইকেট বোঝার চেষ্টা করেছেন।

তবে এ নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চান না বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে আসা মুশতাক আহমেদ। তিনি বলেন, ‘ব্রিলিয়ান্ট’। এর বেশি আর কথা না আগানো মুশতাক আহমেদের বিশ্বাস চট্টগ্রামের উইকেটে স্পিন করাতে পারবেন শেখ মাহেদি ও নাসুম আহমেদরা।

তিনি বলেন, ‘উইকেটে অবশ্যই স্পিন আছে। এই ধরনের উইকেটে টার্ন করাতে হবে এবং স্পিন করাতে হবে।’

এছাড়া শেষ ওয়ানডেতে দল থেকে বাদ পড়েছিলেন রিশাদ হোসেন। তবে টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন তিনি। তৃতীয় ওয়ানডের আগে চট্টগ্রামে লম্বা সময় কাজ করেছেন মুশতাক আহমেদের সঙ্গে। এমনকি গতকালও একা একা করেছেন এই স্পিন কিংবদন্তির সঙ্গে। এ নিয়ে মুশতাক আহমেদ বলেন, ‘একজন কোচ হিসেবে আমাদের দায়িত্ব হলো তার মানসিক শক্তি বৃদ্ধি করা। আন্তর্জাতিক ক্রিকেট মানেই হলো দুর্দান্ত ধৈর্যের খেলা। এটি অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি একটি মনস্তাত্ত্বিক লড়াই। রিশাদকে নিয়ে কোচ হিসেবে এটা আমার দায়িত্ব যে তাকে মানসিকভাবে আরো শক্তিশালী করে তোলা যায়।’

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে আছেন তিন স্পিনার। সবাইকে নিয়েই লম্বা সময় ধরে কাজ করেন মুশতাক আহমেদ। তবে ম্যাচে তিন স্পিনার খেলবে না সেটা নিশ্চিত। কোন দুই স্পিনারকে খেলানো হবে সেই প্রশ্নের জবাবে কূটনৈতিক উত্তর দিয়ে মুশতাক বলেন, ‘আমি একাদশ সম্পর্কে কিছু বলতে পারব না। এটা অবশ্যই নির্বাচক, প্রধান কোচ ও অধিনায়কের ব্যাপার। কিন্তু অবশ্যই কোচ হিসেবে আমার কাজ সবাইকে মানসিকভাবে প্রতিটি ম্যাচের জন্য প্রস্তুত রাখা।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন