নাকভির কাছ থেকেই পদক নেবে ভারত!

নাকভির কাছ থেকেই পদক নেবে ভারত!

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভিকে ঘিরে নতুন কূটনৈতিক ও ক্রীড়া অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০২৫ সালের পুরুষ এশিয়া কাপ এবং ২০২৬ সালের নারী এশিয়া কাপের ট্রফি জয়ের পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান নাকভির হাত থেকে পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল চ্যাম্পিয়ন ভারত। তবে জাপানে চলমান ২০তম এশিয়ান গেমসে ভারত চাইলেও নাকভিকে এড়িয়ে যেতে পারবে না। এমন খবরই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

বিজ্ঞাপন

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) জানিয়েছে, এশিয়ান গেমস কোনো দ্বিপক্ষীয় সিরিজ বা ক্রিকেট কাউন্সিলের একক টুর্নামেন্ট নয়; এটি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) নিজস্ব আয়োজন। ফলে আইওএ বা বিসিসিআই কোনোভাবেই ওসিএকে নির্দেশ বা অনুরোধ করতে পারবে না যে কাকে পদক প্রদানের দায়িত্ব দেওয়া যাবে আর কাকে বাদ দিতে হবে।

ওসিএর গাইডলাইন অনুযায়ী পদক বিতরণের মূল এখতিয়ার থাকে তাদের সভাপতির ওপর। তবে তিনি চাইলে সংশ্লিষ্ট মহাদেশীয় ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে নাকভিকে এ দায়িত্ব অর্পণ করতে পারেন।

এশিয়ান গেমস ক্রিকেটের নারী ও পুরুষ উভয় বিভাগেই সোনা জয়ের দৌড়ে শীর্ষ ফেভারিট ভারত। ফলে নাকভি পদক প্রদানকারী হিসেবে মনোনীত হলে ভারতীয় ক্রীড়াবিদদের আনুষ্ঠানিকভাবে মঞ্চে উপস্থিত থেকে তার হাত থেকেই পদক গ্রহণ করতে হবে, যেখানে বয়কট করার কোনো সুযোগ থাকবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন