জাতীয় সংসদের বৈঠকে শৃঙ্খলা বজায় রাখতে সংসদ সদস্যদের অধিবেশন কক্ষে কথা না বলা ও মোবাইল ফোন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি সংরক্ষিত নারী আসনের বিএনপির এমপি নিপুন রায় চৌধুরীকে লবিতে গিয়ে কথা বলার পরামর্শ দেন।
বুধবার জাতীয় সংসদের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যদের বক্তব্য চলার সময় এ ঘটনা ঘটে। এদিন বিধি ৭১-এ মোট ৬১টি নোটিস পাওয়ার কথা জানান স্পিকার। এর মধ্যে তিনটি নোটিস গ্রহণ করেন তিনি।
বাকি নোটিসদাতাদের মধ্য থেকে সদস্যদের দুই মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। পুরো পর্বের জন্য সময় রাখা হয় ৩০ মিনিট।
সংরক্ষিত নারী আসনের সদস্য শওকত আরা আক্তারের জন্য নির্ধারিত দুই মিনিট শেষ হওয়ার পর অধিবেশন কক্ষে মোবাইলে কথা বলতে থাকা নিপুন রায় চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার।
তিনি বলেন, ‘মাননীয় সদস্য নিপুন রায় চৌধুরী, শওকত আরার দুই মিনিটের বক্তব্য শেষ হয়েছে, আপনার বক্তব্য এখনো শেষ হয় নাই। কাছেই লবি আছে, সেখানে গিয়ে কথা শেষ করে আসুন।’
এরপর অধিবেশন কক্ষে মোবাইল ফোন ব্যবহার না করার অনুরোধ জানিয়ে স্পিকার বলেন, ‘এখানে অনুগ্রহ করে কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না। কাছেই তো লবি আছে, সেখানে গিয়ে কথা বলে আসবেন ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


