ইতিহাসের পাতায় অলরাউন্ডার মিরাজ

ইতিহাসের পাতায় অলরাউন্ডার মিরাজ

ডারউইন টেস্টে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে একে একে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্সকে ফিরিয়ে চতুর্থ উইকেটটি নেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মাইলফলক পূর্ণ করেন মিরাজ। একই সঙ্গে এই টুর্নামেন্টে ১০০০ রান ও ১০০ উইকেটের ডাবল পূর্ণ করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হয়েছেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এর আগে এই কীর্তি গড়েছেন মাত্র চারজন; ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং ইংল্যান্ডের ক্রিস ওকস। পঞ্চম ক্রিকেটার হিসেবে এবার তাঁদের পাশে যোগ হলো মিরাজের নাম।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩২ ম্যাচ খেলে মিরাজের উইকেটসংখ্যা এখন ১০০। ব্যাট হাতে তাঁর রান ১৪৩৬। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই প্রতিযোগিতায় ১০০ উইকেট নেওয়ার কীর্তি অবশ্য আগেই গড়েছিলেন তাইজুল ইসলাম। মিরাজ বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এই মাইলফলকে পৌঁছালেন।

চলমান টেস্টে মিরাজের পারফরম্যান্সও দুর্দান্ত। তৃতীয় দিনে স্টিভেন স্মিথকে বল ও ক্যাচের সমন্বয়ে ফেরানোর পর চতুর্থ দিনে অ্যালেক্স ক্যারি, বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে সাজঘরে পাঠিয়েছেন তিনি। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে চার উইকেট শিকার করেছেন এই অফস্পিনার।

শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মিরাজ। বাংলাদেশের প্রথম ইনিংসে ৬৫ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। টেলএন্ডারদের সঙ্গে তাঁর ব্যাটিং বাংলাদেশকে বড় লিড পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে মিরাজের এটিই প্রথম বড় মাইলফলক নয়। ৫৯ টেস্টে তাঁর উইকেট এখন ২২৩টি। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ১৪ বার, আর ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনবার। ব্যাট হাতে ২৪.১৭ গড়ে তাঁর সংগ্রহ ২২৯৬ রান।

ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের লড়াইয়ে মিরাজ এখন দলের অন্যতম প্রধান ভরসা। ব্যাট ও বল বিভাগেই তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে যোগ হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই অনন্য কীর্তি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন