এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে বাংলাদেশ দল জাপানে গিয়ে পৌঁছেছে গত ২৫ সেপ্টেম্বর। তবে বৃষ্টির কারণে এখন পর্যন্ত তেমন একটা অনুশীলন করতে পারেনি লিটন দাসের দল। বৃষ্টিতে অনুশীলন পণ্ড হলেও অধিনায়ক লিটনের বিশ্বাস, ম্যাচ খেলার জন্য প্রস্তুত তার দল।
জাপানের সর্বশেষ ৩ দিন কোনোমতে অনুশীলন করেছে বাংলাদেশ দল। বৃষ্টির ফাঁকে ফাঁকে অনুশীলনের জন্য অল্প কিছু সময় পাচ্ছেন ক্রিকেটাররা। সেই সময়টা নেটে অনুশীলন করেই প্রস্তুত হচ্ছেন তারা। তবে অনুশীলন সুবিধা নিয়ে তেমন অভুযোগ নেই দলের কারোরই। দেশ থেকেই এমন পরিস্থতির জন্য প্রস্তুত হয়ে এসেছিলেন বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক লিটন।
বৃষ্টিতে অনুশীলন বাধা পাচ্ছে কিনা, এমন প্রশ্নের উত্তরে বলেন, 'প্রতিটি দলের জন্যই একই বিষয়টা৷ আবহাওয়ার ওপর তো কারো নিয়ন্ত্রণ নেই। যতটুকু সুবিধা তারা আমাদের দিয়েছে, আমাদের পক্ষে যতটুকু সম্ভব ছিল, আমরা চেষ্টা করেছি নিজেদের প্রস্তুত করার।'
বাংলাদেশ থেকেই নিজেদের ম্যাচ খেলার জন্য প্রস্তু করে এসেছেন জানিয়ে লিটন বলেন, 'দেশ থেকে আসার আগে আমরা অনেক প্রস্তুতি নিয়েছি। আমি খেলোয়াড়দের বলেছি, ওখানে গিয়ে খুব একটা প্রস্তুতির সুযোগ থাকবে না। মানসিকভাবে ওইরকম প্রস্তুতি ছিল। এই দেশটা ক্রিকেটের জন্য তেমন পরিচিত না, তাই প্রস্তুতির জন্য খুব একটা সুবিধা দিতে পারবে কিনা, সেটা নিয়ে সন্দেহ ছিল; সে কারণে আমরা ওখান থেকে প্রস্তুতি নিয়ে এসেছি। আমার ধারণা, খেলোয়াড়রা মাঠে নামার জন্য প্রস্তুত।'
আগামীকাল সকালে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ বাংলাদেশের। এই ম্যাচেও বৃষ্টির বাধা আসতে পারে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশ যাবে সেমিতে। তবে ম্যাচটা খেলতে চান লিটন।
তিনি বলেন, 'আপাতত কালকের ম্যাচের (মালয়েশিয়া) দিকে নজর। ম্যা না হলে কিছু করার থাকবে না। বৃষ্টির ওপর তো কারো নিয়ন্ত্রণ নেই।' উইকেট এবং দলের কম্বিনেশন নিয়ে তিনি বলেন, 'উইকেটটা বোলারদের জন্য সহায়ক। আমাদের দলের যারা সেরা বোলার আছে, তারা খেলবে৷ টিম কম্বিনেশন হবে ৫ বোলার, ৬ ব্যাটার।'
এশিয়ান গেমসে এখন পর্যন্ত কেবল একটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। ক্রিকেটে পদক জয়ের সম্ভাবনা বেশি, সেই চাপটা বোধ করছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, 'আপাতত না। প্রথম ম্যাচটা খেলি। জিতলে চিন্তাভাবনা করব।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

