জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বাংলাদেশের সাংবাদিক অঙ্গনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। নির্ভীক সাংবাদিকরা অনেক ক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়েন। ফ্যাসিবাদের বিদায় ঘটলেও অনেকে ভিন্ন রূপে রয়ে গেছেন।
তিনি আরও বলেন, ‘আমরা একটি মানবিক বাংলাদেশ চাই—যেখানে সাংবাদিকরা সত্যনির্ভর সাংবাদিকতা করার সুযোগ পাবেন এবং অন্যায়ভাবে কোনো প্রকার হয়রানির ঝুঁকি কিংবা ক্ষতির মুখে পড়ার চ্যালেঞ্জ থাকবে না।’
শুক্রবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কায়েমি ও ফ্যাসিবাদী শক্তি দেশের ব্যাংকিং খাত ও মিডিয়াকে ধ্বংস করে দিয়েছে। এই কায়েমি শক্তি সর্বদা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছে এবং সুযোগ বুঝে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। এ জন্য আমাদের সাবধানে পথ চলতে হবে।
তিনি বলেন, এই কায়েমি শক্তি ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেক মিডিয়ার দখল নিয়ে সরকারকে সাময়িক সুবিধা দিলেও তারা একসময় উল্টো ছোবল দেবে—তাতে কোনো সন্দেহ নেই। জামায়াতের দায়িত্বশীলদের যেকোনো ঘটনার তাৎক্ষণিক সঠিক তথ্য সাংবাদিকদের কাছে সরবরাহের মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানান তিনি।
দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকারের সঞ্চালনায় কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা রাখেন সিনিয়র সাংবাদিক ওলিউল্লাহ নোমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মানবকণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। দারসুল কোরআন পেশ করেন মুফতি আলী হাসান উসামা। এ ছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক শামছুল আরেফীন প্রমুখ।
কর্মশালায় দেশের বিভিন্ন জেলা ও মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


