দায় নিয়ে আবাসন সমস্যা সমাধানের বার্তা দিল বিসিবি

দায় নিয়ে আবাসন সমস্যা সমাধানের বার্তা দিল বিসিবি

জাতীয় ক্রিকেট লিগে এবারই প্রথম চালু হয়েছে সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপ। ৮ দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি শুরু হয়েছে বুধবার থেকে। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই বিতর্কের মুখে বিসিবি।

বিজ্ঞাপন

সেকেন্ড ইলেভেনের সবগুলো ম্যাচই আয়োজন করা হয়েছে ঢাকায়। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ক্রীড়া পল্লিতে খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে সেখানে আবাসনে অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে অনেক। যত্রতত্র ময়লা ও পানি জমে থাকা; খেলোয়াড়দের রুম ও বিছানায় পরিচ্ছন্নতার ঘাটতি দেখা গিয়েছে সরেজমিনে পর্যবেক্ষণ করে। ফলে সেখানে খেলোয়াড়দের থাকার যথাযথ পরিবেশ আছে কিনা, সেটা নিয়েও প্রশ্ন উঠছে।

এসব জটিলতা নিয়ে বুধবার শের-ই বাংলায় সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) আবাসন নিয়ে যে সমস্যাটি হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে সেটি সমাধানের উদ্যোগ নিয়েছি। আসলে ঘরোয়া ক্রিকেটকে শক্তিশালী করতে হবে, এর কাঠামো শক্তিশালী করতে হবে। কোনো সমস্যা আমরা ফেলে রাখছি না, সঙ্গে সঙ্গে তা সমাধানের চেষ্টা করছি। এই দায় আমি নিতে চাই। আমি এবং আমাদের বোর্ড দায় নিয়েই এসব সমস্যা সমাধান করতে চাই। কোনো ধরনের সুপারিশ আমরা আমলে নিইনি।’

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ঘরোয়া ক্রিকেটে নানা নতুনত্ব আনছে। শুরুতে কিছু সমস্যা থাকবে, এটা মেনে নিয়েই সমাধানের চেষ্টা করছেন বলে জানিয়েছেন আলমগীর। বিসিবির এই পরিচালক বলেন, ‘আমরা একটি নতুন দিনের শুরু করেছি, একটি নতুন ফরম্যাট চালু করেছি। বর্তমান বোর্ড ঘরোয়া ক্রিকেটকে পুনর্গঠনের জন্য সবাই মিলে কাজ করছে। শুরুতে কিছু সমস্যা থাকবেই। বাংলাদেশে একই সময়ে দুটি দীর্ঘ সংস্করণের ক্রিকেট চালু করার ঘটনা আগে কখনো ঘটেনি। এটি চালু করতে গিয়ে মাঠ ও আবাসন নিয়ে কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি। দীর্ঘ সংস্করণের ম্যাচ যে কোনো মাঠে আয়োজন করা যায় না। পাশাপাশি আবাসনেরও সমস্যা রয়েছে। এসব বিষয় নিয়ে আমরা কাজ করছি। কিছু সমস্যা চিহ্নিত করেছি এবং সেগুলো সমাধানের উদ্যোগ নিয়েছি।’

আবাসন সমস্যা নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালও কথা বলেছেন জানিয়ে আলমগীর বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি গতকালও বিষয়টি নিয়ে কথা বলেছেন। যে সমস্যাগুলো সামনে আসছে, সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করছি। আবাসন নিয়ে যে সমস্যা হয়েছে, সেটি নিয়ে গতকাল থেকেই আমাদের লজিস্টিক বিভাগ ও সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে। আমরা আশা করছি, কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সেটি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘গতকাল ক্রীড়াপল্লীতে আবাসন নিয়ে যে সমস্যা হয়েছে, তা আমরা তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নিয়েছি। আমাদের সভাপতি কথা বলেছেন এবং সংশ্লিষ্ট সব বিভাগকে নিয়ে গতকাল আমরা জুম মিটিং করেছি। আজ কীভাবে সমস্যার সমাধান করা যায় এবং আরও ভালো আবাসনের ব্যবস্থা করা যায়, তা নিয়ে কাজ করছি। আশা করছি, আজকের মধ্যেই সমস্যাটির সমাধান হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন