কুইন্সল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জ্যোতিদের হার

কুইন্সল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জ্যোতিদের হার

অস্ট্রেলিয়া সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার কুইন্সল্যান্ড ফায়ারের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নার‍্যি দল। ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭২ রানে হেরেছে বাংলাদেশ নারী দল।

বিজ্ঞাপন

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ৩৬ ওভারে ৯ উইকেটে ২৬৬ রান করে কুইন্সল্যান্ড। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৯ রানের। জবাবে ৭ উইকেটে ১৯৬ রান করে থামে বাংলাদেশের ইনিংস।

কুইন্সল্যান্ডের বড় সংগ্রহের মূল কারিগর শার্লি নট ও গ্রেস হ্যারিস। নট ৬৪ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

৫০ বলে ৭৬ রান করেন হ্যারিস। ওপেনার লরেন উইনফিল্ড-হিলের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৪৮ রান।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল হাবিবা ইসলাম পিংকি। ৭ ওভারে ৪৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। মারুফা আক্তার ৬৪ রানে ২টি এবং নাহিদা আক্তার ও রিতু মনি নেন একটি করে উইকেট।

রান তাড়ায় শুরুটা খুব খারাপ হয়নি বাংলাদেধের। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহের চাপ সামলাতে পারেনি টাইগ্রেসরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন শারমিন আক্তার সুপ্তা। ৬৭ বলের ইনিংসে তিনি লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত দলকে জয়ের কাছে নিতে পারেননি।

সোবহানা মোস্তারি ৫৪ বলে ৪৯ এবং শারমিন সুলতানা করেন ৪০ বলে ২৮ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩ বল খেলে কোনো রান না করেই ফেরেন।

কুইন্সল্যান্ডের নিকোলা হ্যানকক ৭ ওভারে ৫১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। লিলি ব্যাসিংথওয়াইট, ফিলিপা সুসি ও হ্যারিস নেন একটি করে উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন