২৩ বছর পর অস্ট্রেলিয়ায় খেলতে গেলেন শান্ত-মুশফিকরা

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় খেলতে গেলেন শান্ত-মুশফিকরা

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের এই গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে শুক্রবার দিবাগত রাতে দলের প্রথম বহর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়। রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে দেশ ছাড়েন ১৭ সদস্যের এই বহর। বাকি ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা পৃথক ফ্লাইটে আগামী ২ আগস্ট দলের সঙ্গে যোগ দেবেন।

বিজ্ঞাপন

প্রথম বহরে রয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল হক, ওপেনার তানজিদ হাসান তামিম এবং অলরাউন্ডার অমিত হাসান। তাদের সঙ্গে সফরে গেছেন প্রধান কোচ ফিল সিমন্স, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এবং বোলিং কোচসহ সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্য। অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর পুরো দল একত্রিত হয়ে সিরিজের প্রস্তুতিতে নামবে।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম লড়াই। এরপর ২২ আগস্ট ম্যাকায়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ শুরুর আগে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে কয়েক দিনের অনুশীলন এবং প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ ২০০৩ সালে টেস্ট সিরিজ খেলেছিল টাইগাররা। প্রায় আড়াই দশক পর আবারও সেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিদেশের মাটিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার লক্ষ্য নিয়েই এবার অস্ট্রেলিয়া সফরে পা রাখছেন শান্ত-মুশফিকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন