দুবাই ফেরত বিমান থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দুবাই ফেরত বিমান থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
ছবি: আমার দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত একটি বিমানে অভিযান চালিয়ে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ কেজি ৩৩ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে তল্লাশি চালায় কাস্টমসের একটি দল। ফ্লাইটটির নম্বর এফজেড৫২৩। তল্লাশির সময় বিমানে কোনো যাত্রী ছিলেন না।

বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তল্লাশি চালিয়ে বিমানের ১৯-এ নম্বর সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায়। পরে সেগুলো কাস্টমস হলে নেওয়া হয়। সেখানে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ইনভেন্টরি করা হলে ৮০টি গোল্ড বার পাওয়া যায়।

এনবিআর জানিয়েছে, ফ্লাই দুবাইয়ের সংশ্লিষ্ট উড়োজাহাজের সিটের নিচে কালো স্কচটেপে অত্যন্ত সুকৌশলে স্বর্ণের বারগুলো লুকানো ছিল। সরকারি ধার্য করা শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে এসব স্বর্ণ দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে যেকোনো পথে এসব স্বর্ণ বিমানবন্দরের সীমানার বাইরে পাচারের আশঙ্কা ছিল।

কাস্টমস হাউস, ঢাকার তৎপরতায় স্বর্ণ চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে এনবিআর। অভিযানটি ঢাকা কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ উদ্যোগে পরিচালিত হয়।

স্বর্ণ জমা দেওয়ার প্রক্রিয়া চলছে

আটক করা স্বর্ণের বারগুলো মূল্যবান হওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা করা হয়েছে।

অখালাসকৃত বা চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্ত পণ্যের নিষ্পত্তি পদ্ধতি সংক্রান্ত স্থায়ী আদেশ অনুযায়ী, মূল্যবান ধাতু হিসেবে স্বর্ণের বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিমানবন্দর থানায় মামলা

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, দেশীয় অর্থনীতি রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টমস হাউস সব সময় তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন