নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ

স্পোর্টস রিপোর্টার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ

ফুটবল উন্মাদনার মধ্যে অনেকটা নীরবে-নিভৃতে আজ থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। বার্মিংহামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় দুদলের ম্যাচটি শুরু হবে। দুই গ্রুপে বিভক্ত হয়ে মোট ১২ দল টি-টোয়েন্টি নারী বিশ্বকাপে পরস্পরের বিপক্ষে লড়ছে। বাংলাদেশ রয়েছে গ্রুপ-১-এ। ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিগার সুলতানা জ্যোতিদের বিশ্বকাপ মিশন শুরু হবে। নেদারল্যান্ডস ছাড়াও গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ-২-এ রয়েছে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
এবার নারী বিশ্বকাপের দশম আসর হচ্ছে। এ বিশ্বকাপে রেকর্ড অর্থ পুরস্কারের ঘোষণা আগেই দিয়ে রেখেছে আইসিসি। ২০২৪ সালের তুলনায় এই আসরে ১০ শতাংশ বেড়েছে অর্থ পুরস্কার। সেটি বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৫ কোটি টাকা। রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপের খেলা বার্মিংহাম ছাড়াও লর্ডস, ম্যানচেস্টার, ব্রিস্টল ও সাদউদাম্পটনে অনুষ্ঠিত হবে। আগামী ৫ জুলাই লর্ডসে হবে বিশ্বকাপের ফাইনাল। নারী বিশ্বকাপে অতীতের রেকর্ড ভেঙে দিতে চায় বাংলাদেশ। বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলে গেছেন, জয়ের খরা কাটিয়ে উঠতে চান তারা। নতুন রেকর্ড গড়াই হবে তাদের মূল লক্ষ্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন