সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে লড়াইয়ে খানিকটা এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩৫৬ রান করার পর ৮৮ রানে বাংলাদেশের ৩ উইকেট নিয়েছে সফরকারীরা। এখান থেকে তৃতীয় দিনে বাংলাদেশকে আড়াইশ'র নিচে আটকাতে চায় উইন্ডিজ, সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আমির জাঙ্গু। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেও দলীয় চারশ' না পেরোনোয় আক্ষেপ এই ব্যাটারের।
বাংলাদেশকে কত রানে আটকাতে চায় উইন্ডিজ, এমন প্রশ্নের উত্তরে জাঙ্গু বলেন, 'আমি বলব ২৫০ রানের নিচে। উইকেট বেশ ভালোই। তাদের ফাস্ট বোলাররা বেশ ভালো বল করেছে এবং উইকেট তুলে নিয়েছে। তবে কোনো ব্যাটার ক্রিজে টিকে গেলে তাদেরকে ফেরানো বেশ কঠিন। কালকের দিনটা আমাদের সংগ্রাম করতে হতে পারে অথবা ভিন্নও হতে পারে। ক্রিকেট এরকমই। তবে আমাদেরকে তাদের উপর চাপ দিয়ে যেতে হবে। যেন তারা অত বেশি রান বের করতে না পারে, কারণ তারা বেশ দ্রুত রান তুলে ফেলতে পারে। ফলে আমাদেরকে ধৈর্য ধরে খেলে যেতে হবে এবং আশা করছি কিছু উইকেটও নিতে পারব।’
প্রথম ইনিংসের স্কোর নিয়ে খানিকটা হতাশ জাঙ্গু। তবে তৃতীয় দিন এই স্কোর নিয়েই লড়াইটা চালিয়ে যেতে চান বলে জানান বাঁহাতি এই ব্যাটার, ‘আসলে আমাদের লক্ষ্য ছিল ৪০০ এর বেশি রান করা, ফলে কিছুটা হতাশ হয়েছি। তবে বাংলাদেশ অনেক ভালো বল করেছে। দ্বিতীয় নতুন বল পেয়ে তারা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছিল। তবুও আমরা ইনিংসটাকে লম্বা করতে পেরেছি, ৩৫০ রান ছাড়াতে পেরেছি। দেখি কাল কী হয়।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

