ময়মনসিংহে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করেছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। এ উপলক্ষে রোববার নগরীতে এক র্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয়।
অধিকার ময়মনসিংহের সমন্বয়কারী ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এ টি এম মাহবুবুল আলম, গুমের শিকার গোলাম মোস্তফা, সাংবাদিক আব্দুল আউয়াল ও মহানগর জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুল বারী।
মানববন্ধনে গুমের শিকার গোলাম মোস্তফা তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তিনি একজন সাধারণ কারখানা শ্রমিক হওয়া সত্ত্বেও সাদা পোশাকধারীরা তাকে তুলে নিয়ে যায় এবং ‘জঙ্গি’ হিসেবে স্বীকারোক্তি আদায়ের জন্য র্যাব দিনের পর দিন গুম করে রেখে অমানুষিক নির্যাতন চালায়। তিনি টানা ৯৬ দিন গুম ছিলেন। তিনি গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, তাদের পরিবারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা এবং গুমের ঘটনায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের মূল হাতিয়ার হিসেবে গুমকে ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক নেতাকর্মী, ভিন্নমতাবলম্বী ও সাধারণ নাগরিকদের তুলে নিয়ে দীর্ঘদিন নিখোঁজ রাখা, গোপন বন্দিশালায় আটকে নির্যাতন এবং পরবর্তীতে কারও কারও ফিরে আসার ঘটনা দেশের মানবাধিকার পরিস্থিতিকে চরম ভয়াবহ করে তুলেছিল। গুমের ঘটনায় রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ থাকলেও অধিকাংশ ক্ষেত্রে ভুক্তভোগী ও তাদের পরিবার কোনো ন্যায়বিচার পায়নি।
বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর গুমের বিচার ও প্রতিকার নিশ্চিত করার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ সংসদে পাস না হওয়ায় তা বাতিল হয়ে যাওয়া এই বিষয়ে সরকারের উদাসীনতারই বহিঃপ্রকাশ। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের পরও নতুন করে গুমের ঘটনা ঘটার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
অনুষ্ঠানে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান, কালবেলার ব্যুরো প্রধান দেলোয়ার হোসেন, স্টার টিভির স্টাফ রিপোর্টার সাদিকুর রহমান, দিনকালের স্টাফ রিপোর্টার আব্দুস ছাত্তার, সংগ্রামের জেলা প্রতিনিধি আরিফ হোসেন, জনবাণীর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, খবরপত্রের এম এ মোতালেব, আজকের খবরের মফস্বল সম্পাদক আব্দুস সামাদ আজাদীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

