পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি
এআই দ্বারা নির্মিত প্রতীকী ছবি।

এল নিনো আবহাওয়া পরিস্থিতির প্রভাবে মধ্য আমেরিকায় খরা তীব্র হওয়ায় পানামা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। একই সঙ্গে এল সালভাদর ও হন্ডুরাস খরার কারণে রেড অ্যালার্ট জারি করেছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। খবর আনাদোলুর।

বিজ্ঞাপন

পানামার মন্ত্রিসভা মঙ্গলবার জাতীয় জরুরি অবস্থা অনুমোদন করে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এল নিনোর প্রভাবে পানি সরবরাহ, কৃষি ও জলবিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে দেশটির ১১টি নদী অববাহিকায় পানির সংকট দেখা দিয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে পানামায় বন্যায় অন্তত ১৫ হাজার ৬৪৩ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত কমে যাওয়ায় পানামা খালের জলাধারগুলোর পানির স্তর নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া, উচ্চ তাপমাত্রা এবং অক্টোবর পর্যন্ত স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে মঙ্গলবার দেশজুড়ে আবহাওয়াগত ও কৃষিজ খরা নিয়ে রেড অ্যালার্ট জারি করেছে এল সালভাদর।

গত ৭ আগস্ট থেকে দেশটিতে টানা ১৯ দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। আগস্ট মাসে সেখানে তাপমাত্রার ১৪টি রেকর্ডও হয়েছে।

হন্ডুরাসও গত ১৯ আগস্ট ৭৫টি পৌরসভায় রেড অ্যালার্ট জারি করে। খরার কারণে আরও ৭১টি পৌরসভাকে ইয়েলো অ্যালার্টের আওতায় আনা হয়েছে। মধ্য আমেরিকার শুষ্ক করিডর এলাকায় পানি সরবরাহ, ফসল ও গবাদিপশু মারাত্মক হুমকির মুখে পড়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, চলমান এল নিনো পরিস্থিতি শক্তিশালী রূপ নিতে পারে। পানামার কর্তৃপক্ষের আশঙ্কা, এর প্রভাব ২০২৭ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে।

উল্লেখ্য, এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাংশে সমুদ্রপৃষ্ঠের পানির অস্বাভাবিক উষ্ণ হয়ে ওঠার একটি প্রাকৃতিক জলবায়ু প্রক্রিয়া।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন