রাজধানীতে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা, বাড্ডা ও রামপুরা এলাকার ২৩, ২৪ ও ৪০ নম্বর ওয়ার্ডে এ অভিযানের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
অভিযানের উদ্বোধনকালে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘সিটি করপোরেশনের প্রতি আমাদের আহ্বান—আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আমরা দায়িত্বে না থাকা সত্ত্বেও নাগরিক ও মানবিক দায়িত্ব এবং নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে মাঠে নেমেছি।’
তিনি বলেন, ‘আমরা আশা করি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও আমাদের এই উদ্যোগের পাশে থাকবে। সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে একটি সুন্দর ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে আমরা একযোগে কাজ করতে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আবুল বাসার, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘আজ ঢাকার ৫৪টি ওয়ার্ডে একযোগে আমরা মাঠে নেমেছি। হাজার হাজার স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে কাজ করবেন। একই সঙ্গে আমরা অভিজ্ঞ পরিচ্ছন্নতাকর্মী ও সমাজসেবীদেরও এই উদ্যোগের সঙ্গে যুক্ত করেছি।’
তিনি বলেন, ‘আমরা এই ঢাকাকে বদলে দেব, ইনশাআল্লাহ। এই ঢাকা পরিবর্তন হয়ে যাবে। আমরা এমন একটি ঢাকা গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না ময়লা-আবর্জনা, থাকবে না জলাবদ্ধতা, কমবে যানজট—গড়ে উঠবে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী।’
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পরিষ্কার, যানজটমুক্ত ও জলাবদ্ধতামুক্ত ঢাকা গড়তে ঢাকাবাসীকে সিদ্ধান্ত নিতে হবে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচনে আমাদের দক্ষতা, যোগ্যতা ও কাজের মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরতে হবে।’
তিনি আরও বলেন, ‘যারা মাঠে নেমে জনগণের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবেন, যারা ময়লা দেখে নাকে রুমাল দিয়ে দূরে সরে যাবেন না; বরং সেই ময়লা পরিষ্কারের উদ্যোগ নেবেন—জনগণের হয়ে যারা কাজ করবেন, জনগণ তাদের অবশ্যই স্মরণ রাখবেন।’
পরে মোহাম্মদ সেলিম উদ্দিন সপ্তাহব্যাপী এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরিচ্ছন্ন ঢাকা গড়ার লক্ষ্যে ৩১ আগস্ট পর্যন্ত চলবে এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


