চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চোর সন্দেহে তিন ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়েছেন স্থানীয় জেলেরা। এতে নুর মোহাম্মদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু্ইজন।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে উপজেলার উলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে একটি ছোট নৌকায় করে ওই তিন ব্যক্তি যমুনা নদীর বরুল এলাকায় যান। সেখানে স্থানীয় জেলেরা তাদের জাল চোর সন্দেহে ধাওয়া করেন। প্রাণ বাঁচাতে তারা গুঠাইল এলাকায় চলে গেলে সেখানকার জেলেরাও তাদের পিছু নেন। পরে উলিয়া এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাদের আটক করে মারধর শুরু করেন।

একপর্যায়ে গণপিটুনিতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন অপর দুইজন।

নিহত নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে। আহত দুইজন হলেন—গাইবান্ধার বাটিকামারি এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর (৪০) এবং দেওয়ানগঞ্জ উপজেলার বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল (৩৫)।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গণপিটুনিতে একজন নিহত ও দুইজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে তারা জাল চুরির সঙ্গে জড়িত ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন