বিজিবির মৎস্য পক্ষের উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান

বিজিবির মৎস্য পক্ষের উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান
ছবি: আমার দেশ

মৎস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মাছ চাষ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে সোমবার ‘বিজিবির মৎস্য পক্ষ-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়। সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক।

বিজ্ঞাপন

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর প্রতিপাদ্য ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, দেশের মৎস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের ধারা অব্যাহত রাখতে মাছ চাষ ও উৎপাদন বাড়াতে হবে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে যেখানে সুযোগ রয়েছে, সেখানে মাছ চাষের উদ্যোগ নিতে হবে।

বিজিবি মহাপরিচালক বলেন, মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। যথাযথ উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতে এ ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান অর্জন করতে পারে।

একই সঙ্গে বঙ্গোপসাগরের বিপুল সামুদ্রিক মৎস্যসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে এ খাতেও আরো অগ্রগতি অর্জনের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মাছ চাষের জন্য সব সময় বড় জলাশয়ের প্রয়োজন হয় না বলেও জানান বিজিবি মহাপরিচালক। তার মতে, ছোট পুকুর ও অন্যান্য উপযুক্ত জলাশয়েও বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা সম্ভব।

তিনি বলেন, দেশের মৎস্য উৎপাদন বাড়লে মানুষের পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারের মৎস্য উৎপাদন বৃদ্ধির উদ্যোগ সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বিজিবির বিভিন্ন স্থাপনা ও ইউনিটে থাকা পুকুর ও জলাশয় যথাযথভাবে ব্যবহারের ওপরও গুরুত্ব দেন মহাপরিচালক। এসব জলাশয়ে মাছ চাষের পরিধি আরো বাড়ানোর আহ্বান জানান তিনি।

মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে দুই সপ্তাহব্যাপী ‘বিজিবির মৎস্য পক্ষ-২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো। কর্মসূচির আওতায় বিজিবির বিভিন্ন স্থাপনা ও ইউনিটে মাছের পোনা অবমুক্ত করা হবে। পাশাপাশি মাছ চাষে উদ্বুদ্ধকরণ এবং মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন