ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্প: ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিও নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। সংস্থাটি জানিয়েছে, ভিডিওটি তাদের নজরে এসেছে এবং এতে প্রেসিডেন্টের পরিবারের সদস্যকে লক্ষ্য করে হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং এক বিবৃতিতে বলেন, আমাদের সুরক্ষার আওতাধীন ব্যক্তিদের প্রতি হুমকি হিসেবে বিবেচিত হতে পারে—এমন যেকোনো বিষয় আমরা তদন্ত করি। তবে অপারেশনাল নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় তিন মিনিটের ওই ভিডিওটি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) মাধ্যমে প্রচারিত হয়। ভিডিওটির শুরুতেই ‘ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে’ লেখা একটি গ্রাফিক দেখানো হয়।

ভিডিওতে ২০ বছর বয়সী ব্যারন ট্রাম্পকে নজরদারির আওতায় রাখার দাবি করা হয়। পাশাপাশি তার পড়াশোনার স্থান, নিউইয়র্কের ট্রাম্প টাওয়ার এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে। ভিডিওটির বর্ণনায় ব্যারন ট্রাম্পকে লক্ষ্য করে কোনো কর্মকাণ্ডের সঙ্গে ১০ মিলিয়ন ডলারের পুরস্কারের কথাও উল্লেখ করা হয়।

তবে ভিডিওতে করা এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি মার্কিন সংবাদমাধ্যম টাইম। ব্যারন ট্রাম্প সত্যিই নজরদারিতে রয়েছেন কিংবা তার নিরাপত্তাব্যবস্থা কেউ ভেদ করতে পেরেছে—এমন দাবির পক্ষেও ভিডিওতে কোনো প্রমাণ দেওয়া হয়নি। এ বিষয়ে হোয়াইট হাউসের কাছে জানতে চাওয়া হলে তারা সিক্রেট সার্ভিসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনও এর আগে ব্যারন ট্রাম্পকে দেওয়া হুমকির বিষয়ে সিক্রেট সার্ভিসের অবগত থাকার খবর প্রকাশ করেছিল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দেশটির সর্বোচ্চ নেতা-নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়।

মেলানিয়াকে নিয়েও হুমকি

ব্যারন ট্রাম্পকে ঘিরে প্রকাশিত ভিডিওটি ইরান থেকে ট্রাম্প পরিবারের সদস্যদের বিরুদ্ধে হুমকির ধারাবাহিকতার সর্বশেষ ঘটনা। এর আগে গত জুলাইয়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি)-ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিল।

ওই ভিডিওতে মেলানিয়া ট্রাম্পের নিরাপত্তাব্যবস্থার কথিত দুর্বলতা তুলে ধরে তার ওপর হামলার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়। ভিডিওটির শেষেও ব্যারন ট্রাম্পকে উদ্দেশ করে হুমকিসূচক বার্তা দেওয়া হয়েছিল।

সোলাইমানি হত্যার পর থেকেই ট্রাম্পকে ঘিরে ইরানি হুমকি

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইরানের হুমকির ইতিহাস নতুন নয়। ২০২০ সালের শুরুতে ট্রাম্পের নির্দেশে মার্কিন বিমান হামলায় ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ইরানি নেতাদের বক্তব্যে ট্রাম্পকে লক্ষ্য করে প্রতিশোধের হুমকি বারবার উঠে এসেছে।

পরবর্তীতে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে দুই দেশের উত্তেজনা আরো তীব্র হয়। ওই সংঘাতের শুরুর দিকের মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর তার ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনি বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন।

এরপর থেকে ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর চিত্র ইরানের প্রতিশোধের প্রচারণায় গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। গত মাসে তেহরানের কেন্দ্রীয় প্যালেস্টাইন স্কয়ারে যুক্তরাষ্ট্রের পতাকায় ঢাকা কফিনের ওপর ট্রাম্প পরিবারের সদস্যদের ছবি আঁকা একটি দেয়ালচিত্র দেখা যায়।

একই মাসে তেহরানের এনকেলাব স্কয়ারে, যেখানে খামেনির সমর্থনে বিক্ষোভ হয়ে থাকে, একটি বিলবোর্ডেও কফিন থেকে ট্রাম্পের মৃতদেহের মতো দেখতে একটি অবয়ব বেরিয়ে আসার দৃশ্য প্রদর্শন করা হয়।

ব্যারন ট্রাম্পকে ঘিরে সর্বশেষ ভিডিও প্রকাশের পর সিক্রেট সার্ভিসের তদন্তে হুমকিটির প্রকৃতি ও এর পেছনে কোনো বাস্তব ঝুঁকি রয়েছে কি না, সেটিই এখন গুরুত্ব পাচ্ছে।

সূত্র: টাইম

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন